উন্নয়নে মেধাসম্পদ আইনের ভূমিকা প্রশ্নমুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারত নিমের জন্য পেটেন্ট দাবি দাখিল করেছে। অথচ নিম ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এভাবে নিজের সম্পদ হাতছাড়া রোধ করার উপায়টা কী?’বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসম্পাদক শামীমা আখতার প্রশ্নটা রাখলেন বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন বা ওয়াইপো) মহাপরিচালক ফ্রান্সিস গ্যারির সামনে। তার আগে অবশ্য মেধাসম্পদ নিয়ে আন্তর্জাতিকপর্যায়ে বাংলাদেশের স্বার্থের উদাহরণ তুলে ধরলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বললেন, বাংলাদেশের একজন সংগীতশিল্পী তাঁর সুর নকল করার অভিযোগে ভারতের আদালতে মামলা করেন সে দেশের আরেক শিল্পীর বিরুদ্ধে। মামলায় বাংলাদেশি শিল্পীর পক্ষে রায় আসে।মোস্তাফিজুর রহমান আরও বলেন, মেধাসম্পদ আইন বাংলাদেশের মতো দেশের উন্নয়নপ্রক্রিয়ায় কতটা সহায়ক আর কতটা প্রতিবন্ধক হয়ে উঠছে, সেটি পর্যালোচনা করা দরকার।গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে ‘মেধাসম্পদ ও উন্নয়ন: বাংলাদেশের জন্য প্রাসঙ্গিকতা’ বিষয়ক সেমিনারে এভাবেই মূল আলোচক ফ্রান্সিস গ্যারিকে বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য ছুড়ে দেওয়া হয় উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে।এসব প্রশ্ন ও মন্তব্য থেকেই বেরিয়ে আসে মেধাসম্পদ আইন বাংলাদেশসহ গরিব দেশগুলোর উন্নয়নযাত্রায় কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তা এখনো প্রশ্নসাপেক্ষ। কারণ, এই আইনি ব্যবস্থার অন্তর্নিহিত কিছু সমস্যা রয়েছে।বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী সেমিনারে স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত।মূল আলোচনা: ওয়াইপোর মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি তাঁর বক্তৃতায় বলেন, মেধাসম্পদ আইন আহরিত জ্ঞানকে বাণিজ্যিক সম্পদে রূপান্তর ঘটায়। নতুন উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।গ্যারি জানান, বিশ্বে এখন জ্ঞানভিত্তিক শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটছে। গবেষণা ও উদ্ভাবনের জন্য উন্নত পশ্চিমা দেশগুলো তো বটেই, এশিয়ার অগ্রসর দেশগুলোও এখানে ব্যাপকভাবে অর্থ বিনিয়োগ করছে। ফলে এশিয়াতেই অধিক হারে প্রযুক্তির উৎকর্ষতা ঘটছে।তিনি উদাহরণ দিয়ে বলেন, বিশ্ব আর্থিক সংকটের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে গতবছর যেখানে পেটেন্টের আবেদন ১২ শতাংশ কমে গেছে, সেখানে চীন থেকে এই আবেদন বেড়েছে ৩৫ শতাংশ। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া পেটেন্ট, ট্রেড মার্ক ও শিল্প নকশার (ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন) কাজে অনেক এগিয়ে গেছে।গ্যারির মতে, বিশ্বায়নের ফলে বিশ্বজুড়ে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই ধারাবাহিকতাতেই বাংলাদেশে মুঠোফোনের ব্যবহার বেড়েছে। সেই সঙ্গে মেধাসম্পদ সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।গ্যারি মেধাসম্পদ আইন থেকে সুবিধা নিতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি অবশ্য এ ক্ষেত্রে দ্বিপক্ষীয়ভাবে সহযোগিতার ওপর বেশি জোর দেন এই বলে যে বহুপক্ষীয় পর্যায়ে পুরো বিষয়টি অনেক দীর্ঘায়িত হয়ে পড়ে। ফলে বাংলাদেশের মতো গরিব দেশগুলোও এ ক্ষেত্রে নাজুক হয়ে পড়ে।প্রশ্নোত্তর ও মন্তব্য: নিমের পেটেন্ট-বিষয়ক প্রশ্নের উত্তরে গ্যারি বলেন, সনাতন বা প্রচলিত জ্ঞান ও জ্ঞানভিত্তিক উদ্ভাবনের আইনি সংরক্ষণের জন্য ওয়াইপো কাজ করছে। এ জন্য একটি ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হচ্ছে। মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাণিজ্যবিষয়ক মেধাসম্পদ স্বত্ব (ট্রিপস) চুক্তি অনুসারে স্বল্পোন্নত দেশগুলো ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন পণ্য ও সেবায় এবং ২০১৬ পর্যন্ত ওষুধের ক্ষেত্রে মেধাস্বত্ববিষয়ক বিধিনিষেধ থেকে ছাড় পেয়েছে। তবে স্বল্পোন্নত দেশগুলো এই বিশেষ ও পৃথক সুবিধা (এসঅ্যান্ডডিটি) ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে। এ প্রসঙ্গে গ্যারি বলেন যে বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার এখতিয়ারভুক্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ওষুধশিল্পের জন্য মেধাস্বত্বের ক্ষেত্রে আরও ১৫ বছরের জন্য যে ছাড় দেওয়ার আহ্বান করেছেন, তারও উল্লেখ করেন গ্যারি। বলেন, এটি ওয়াইপোর পরিধিতে পড়ে না।আরেক প্রশ্নের জবাবে গ্যারি বলেন, এটা ঠিক যে পশ্চিমা দেশে প্রকাশিত বই বাংলাদেশের মতো গরিব দেশগুলোর জন্য অনেক ব্যয়বহুল। এ ক্ষেত্রে বইয়ের প্রকাশকেরা স্তরভিত্তিক দামে যেতে পারেন। তাহলে স্বল্পোন্নত দেশগুলোর জন্য কম দামে বই দেওয়া সম্ভব হবে।সভাপতির বক্তব্যে আবুল বারকাত বলেন, বাংলাদেশে মেধাসম্পদ আইনের বিষয়টি সবচেয়ে কম আলোচিত ও চর্চিত বিষয়ের অন্যতম। অথচ এটি উন্নয়ন পরিক্রমায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।আবুল বারকাত আরও বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোয় জ্ঞান ও উদ্ভাবনের সংরক্ষণ ব্যয় অনেক বেশি। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশি বিজ্ঞানী আর্সেনিক প্রতিরোধের জন্য সনো ফিল্টার উদ্ভাবন করে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। অথচ তা নকল করে নেপালে প্রবর্তনের চেষ্টা করা হয়েছে। আবুল বারকাত উন্নয়নের ক্ষেত্রে মেধাসম্পদ আইন কীভাবে প্রতিবন্ধক হয়, তার উদাহরণ তুলে ধরে বলেন, প্রাণরক্ষাকারী ওষুধের ওপর যখন মেধাসম্পদ স্বত্ব আরোপ হয়, তখন কিন্তু অকালমৃত্যুকেই উৎসাহিত করা হয়।উল্লেখ্য, পেটেন্ট হলো নতুন কিছু উদ্ভাবনের জন্য উদ্ভাবককে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া নিরঙ্কুশ আইনি স্বত্বাধিকারের অধিকার।