অস্থায়ী নীতিমালা দিয়ে টেকসই উন্নয়নের কাজ হবে না মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির সদস্য ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আগে দীর্ঘমেয়াদি উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা দরকার। বর্তমানে দেশ যেভাবে এগোচ্ছে, এভাবেই চলতে থাকলে একপর্যায়ে তা থেমে যেতে বাধ্য।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল শনিবার ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) দ্বিতীয় পর্যায়ের বক্তৃতায় অধ্যাপক মাহমুদ এ কথা বলেন। আইজিসি ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) যৌথভাবে এ বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইজিসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুলতান হাফিজ রহমান।
আইজিসির নির্বাহী পরিচালক জনাথন লিপ এবং আইজিসির লন্ডন স্কুল অব ইকোনমিক্সের পরিচালক রবিন বার্গেজ এতে বক্তব্য দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সীমিত জায়গা ও বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। পদে পদে সমস্যা থাকা সত্ত্বেও দেশটি এগিয়ে যাচ্ছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সন্তোষজনক, খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দারিদ্র্য নিরসন করেও প্রশংসা কুড়িয়েছে।
ছোট উদ্যোক্তাদের উদ্যোগ, অদক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানি, নিম্ন প্রযুক্তির শিল্প-কারখানা ইত্যাদি এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে মনে করেন অর্থনীতিবিদ মাহমুদ। তিনি বলেন, কিন্তু আরেকটু উন্নত হতে চাইলেই এভাবে আর হবে না। রপ্তানি করতে হবে দক্ষ জনশক্তি। আর পোশাক কারখানায়ও দরকার পড়বে উন্নত প্রযুক্তি। কারণ, শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি দিন প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। ভবিষ্যতের করণীয় নির্ধারণে গবেষণাধর্মী বিশ্লেষণের প্রয়োজন মনে করেন তিনি।
রবিন বার্গেজ বলেন, উন্নয়নের জন্য শিল্পায়ন দরকার। শিল্পায়ন হলে নগরায়ণ হবেই। কোনো দেশই নগরায়ণ ছাড়া টেকসই উন্নয়ন করতে পারেনি, বাংলাদেশের পক্ষেও মুশকিল হবে।