উন্নয়নের জন্য বড় সুযোগ আনতে পারে ট্রানজিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ট্রানজিট। জন্মগতভাবেই বাংলাদেশ একটি ট্রানজিট-অনুকূল দেশ। কিন্তু ভৌগোলিকভাবে এত সুন্দর অবস্থানে থেকেও আমরা আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের এ সুযোগটি নিতে পারছি না।আরও দুটি সুবর্ণ সুযোগ গ্রহণেও ব্যর্থতা রয়েছে আমাদের, তা হলো সমুদ্রে প্রবেশের ব্যাপক সুযোগ এবং কেন্দ্রীয়, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হওয়ার সম্ভাবনাগুলো কাজে লাগাতে না পারা।তবে সময়ের প্রয়োজন এবং পারস্পরিক লাভালাভের জন্যই ট্রানজিট এখন অপরিহার্য হয়ে উঠছে।গতকাল শনিবার ঢাকায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজনে গবেষণা সংস্থাটির নিজস্ব কার্যালয়ে প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য নিরসনে আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব বক্তব্য তুলে ধরেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে প্রধান অতিথি ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছিলেন বিশেষ অতিথি। ‘আঞ্চলিক সহযোগিতায় সরকারি কৌশল’ শিরোনামে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। ‘আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ ও দারিদ্র্য নিরসন’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার এতে স্বাগত বক্তব্য দেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ছিলেন কর্মশালার সঞ্চালক। মূল প্রবন্ধে মসিউর রহমান বলেন, বাংলাদেশের অবস্থানটাই এ রকম যে ভারতসহ কমপক্ষে চারটি দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা যায়। তবে তা নির্ভর করে ভারতের সঙ্গে সম্পর্ক কত ভালো, তার ওপর। কারণ, নেপাল ও ভুটানে যেতে হলে ভারতের ওপর দিয়েই যেতে হবে। আর মিয়ানমারের সঙ্গে যদিও সরাসরি সম্পর্ক স্থাপন করা যায়, তবে ভারত সঙ্গে থাকলে বিষয়টি আরও সুনিপুণ হয়।এতে আরও বলা হয়, আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা রুটে রেলযোগাযোগের অবকাঠামো স্থাপনের ব্যয়ভার ভারতই করতে চায়। আর ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিলে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পণ্য পৌঁছানো সহজ হবে, এতে তাদের পরিবহনব্যয় কমবে। তবে মংলা বন্দর ভারতের জন্য খুব ফল দেবে না। মংলা গুরুত্বপূর্ণ হলো নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ভালোর জন্য।মসিউর রহমান এক টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের অফুরন্ত সুযোগ থাকলেও আমরা তা গ্রহণ করি না। এটি গ্রহণ করলে দারিদ্র্য কমবে, প্রবৃদ্ধিও বাড়বে। তবে খেয়াল রাখতে হবে, এটি যেন উভয়ের জন্যই লাভজনক হয়। অর্থাত্ বাংলাদেশের অসুবিধা না হওয়া ও ভারতের সুবিধা, বাংলাদেশ ও ভারত উভয়ের সুবিধা, ভারতের অসুবিধা ও বাংলাদেশের সুবিধা এবং ভারতের সুবিধা ও বাংলাদেশের অসুবিধার বিষয়গুলো মাথায় রাখতে হবে।আরেক প্রবন্ধে সাদিক আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়নের চারটি অন্যতম চ্যালেঞ্জ হলো: মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্যের উচ্চহার কমানো, প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া জনগোষ্ঠীকে টিকে থাকার লড়াইয়ে সহযোগিতা এবং পিছিয়ে পড়া এলাকার সঙ্গে অন্য এলাকার আয়বৈষম্য হ্রাস।সাদিক আহমেদের মতে, উন্নয়নের পথে আরও চারটি বাধা হচ্ছে: অপর্যাপ্ত জ্বালানি, জলবায়ু পরিবর্তন, নিম্নমানের শ্রমশক্তি এবং বাণিজ্যে প্রতিযোগিতাহীনতা।প্রবন্ধে বলা হয়, এমতাবস্থায় নতুন পথ দেখাতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটির সদ্ব্যবহার। সমুদ্রে সহজ প্রবেশাধিকার এবং কেন্দ্রীয়, দক্ষিণ ও পূর্ব এশিয়ার সঙ্গে সহজ যোগাযোগের মাধ্যম তৈরির সুবাদে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হতে পারে। স্থল, নৌ ও আকাশ—তিন পথেই বাংলাদেশ হতে পারে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র।এতে আরও বলা হয়, ‘নেপাল, ভুটান, চীন ও ভারতের নৌ-সহযোগিতা ছাড়া দারিদ্র্য নিরসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা অসম্ভব। আর ভারতের সঙ্গে বড় ধরনের বাণিজ্য-ঘাটতি রয়েছে। এটি কমানোর জন্য রপ্তানি সহজেই বর্তমানের ৩৫ কোটি ডলার থেকে বাড়িয়ে ৯০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব।’স্বল্প মেয়াদে ভেড়ামারা-বাহরামপুর গ্রিড দিয়ে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানির যে বিষয়টি সাম্প্রতিক প্রধানমন্ত্রীর সফরে উঠে এসেছে, দীর্ঘ মেয়াদে তা এক হাজার মেগাওয়াটে উন্নীত করা যেতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার মাধ্যমেও বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।সাদিক আহমেদ আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা গড়ে না ওঠার পেছনে রাজনৈতিক কারণের পাশাপাশি রয়েছে জনমনে ভুল ধারণা। এ ভ্রান্তি দূর করতে হলে ব্যাপক প্রচারণা দরকার।মুক্ত আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ট্রানজিট। বাংলাদেশ জন্মগতভাবেই ট্রানজিট-অনুকূল দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালেই ট্রানজিটের কথা বলেছিলেন। আর ত্রিশ ও চল্লিশের দশকে যে যোগাযোগব্যবস্থা ছিল, তার সুবিধা সবাই ভোগ করেছে।প্রতিবেশীর প্রতি সু-আচরণ আরেক প্রতিবেশীর দায়িত্বের মধ্যেই পড়ে বলেও মনে করেন অর্থমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে এত সুবিধাজনক জায়গায় থেকেও এ সুযোগটি ব্যবহার করতে না পারাটা সত্যিই দুঃখজনক।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোর সময় রাজনৈতিকভাবে এক বিস্ফোরক শব্দ ছিল ট্রানজিট। ক্ষুদ্র ও সংকীর্ণ এক গোষ্ঠীচিন্তা তখন আমাদের অন্ধ করে দিয়েছিল। নিজেদের পায়ে কুড়াল মারতেও কেউ তখন দ্বিধা করত না।’দেশীয় গবেষণা সংস্থাগুলোকে কারও পক্ষ না নিয়ে নিরাসক্তভাবে কাজ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০১১ সালের জুলাইয়ের মধ্যে সমুদ্রসীমার দাবি তোলা হবে।সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, উভয়ের জন্য সমান লাভালাভের জায়গা তৈরি করতে হবে। শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার আলাদাভাবে আমদানি করা পণ্যে শুল্কারোপ করে থাকে, যাতে বড় ফারাক রয়েছে।মুক্ত আলোচনায় আরও অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, ফজলুল আজীম প্রমুখ।