উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে পোশাক খাতকে আরও অগ্রসর করে নেওয়ার অঙ্গীকার করেছে বিজিএমইএ নির্বাচনে শিল্পপতিদের একটি গোষ্ঠী সম্মিলিত পরিষদ।রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত পরিষদের দলনেতা আতিকুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনিশ, বিজিএমইএর বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম মুর্শেদীসহ বিজিএমইএর বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।বরাবরের মতো এবারের নির্বাচনেও সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেল ২৭ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।আতিকুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতে সম্মিলিত পরিষদ বিজিএমইএর দায়িত্ব পালনকালে পোশাক খাতে কী কী অর্জন হয়েছে, তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন। উল্লেখ্য, সম্মিলিত পরিষদ মোট নয়বার নির্বাচিত হয়ে বিজিএমইএর নেতৃত্ব করেছে।আতিকুল ইসলাম বলেন, এই খাতে গ্যাস ও বিদ্যুৎসংকট প্রকট। তাই নির্বাচিত হলে নতুন গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২৫ শতাংশ যাতে পোশাক খাতের জন্য সংরক্ষণ করার উদ্যোগ নেবেন বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘হরতালের মধ্যেই আমরা বেঁচে আছি। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। তবে কোনো হরতালই ব্যবসায়ীর জন্য কাম্য নয়।’ তিনি এও বলেন, পোশাক খাত এ দেশের জাতীয় সম্পদ। এ খাতকে বাঁচিয়ে রাখা সব রাজনীতিবিদদেরই বড় দায়িত্ব।