উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ সীমিত সম্পদ নিয়ে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। জিডিপি প্রবৃদ্ধির হার অনেকটাই বেড়েছে। মাথাপিছু আয়ও ধারাবাহিকভাবে বেড়েছে। দারিদ্র্যের হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বিশ্বের সেরাদের সমতুল্য। খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে দেশ। কিন্তু উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেনি।

রোববার আইসিসি বাংলাদেশের ভার্চ্যুয়াল বার্ষিক কাউন্সিলে নির্বাহী বোর্ডের প্রতিবেদন পেশের সময় আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এসব কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি বিশ্বব্যাপী কোভিড-১৯-এর সংক্রমণ অর্থনৈতিক সংকটের সৃষ্টির পাশাপাশি লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফলে অনেক দেশে মন্দা দেখা দিয়েছে। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান উল্লেখ করেন, নারী, তরুণ, দরিদ্র ও অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিদের জীবনে এর অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে। তাঁদের জীবনে বিপর্যয় নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে ক্রমবর্ধমান আয় ও সম্পদবৈষম্যের কারণে সবাই সমানভাবে উন্নয়নের সুফল পায়নি। আরেকটি সমস্যা হলো অর্থনৈতিক কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে কেন্দ্রীভূত থাকা। ফলে গ্রাম-শহরের ব্যবধান এবং নগর দারিদ্র্য বেড়েছে। আইসিসিবির প্রতিবেদনের ভাষ্যমতে, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রবৃদ্ধি ও বিকাশের ফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো।
সাম্প্রতিক এক গবেষণার সূত্রে আইসিসিবির নির্বাহী বোর্ডের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারিতে বাংলাদেশে ৯৬ শতাংশ মাইক্রো, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) আয় হারিয়েছেন। দেশের ৮২ শতাংশ এমএসএমই ‘জাতীয় ছুটির’ দিনগুলোতে ব্যবসায়িকভাবে মাঝারি মাত্রায় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গড়ে ৬৭ শতাংশ ভোক্তা কমেছে তাদের। তবে দক্ষিণ এশিয়ায় বেশির ভাগ অর্থনীতির তুলনায় বাংলাদেশ ভালোভাবে মহামারি মোকাবিলা করেছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি কাঠামোগত চ্যালেঞ্জের সমাধান করোনা–পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে পারে। সংস্কারের অগ্রাধিকারগুলোর মধ্যে আছে রপ্তানি বহুমুখীকরণ, আর্থিক খাত গভীর করা, নগরায়ণের উন্নতি ও জনপ্রশাসন শক্তিশালীকরণ।

আইসিসি বাংলাদেশ বিশ্বাস করে, টেকসই উন্নয়ন, দারিদ্র্য হ্রাস ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাংকের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে কোভিডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতির বড় ক্ষতি হবে বলে মনে করে আইসিসিবি। শিক্ষাব্যবস্থার এই ক্ষতি ভবিষ্যতের উৎপাদনশীলতা এবং উপার্জন বৃদ্ধির সুযোগ যথেষ্ট পরিমাণে হ্রাস করবে। উন্নয়নশীল এশিয়ায় ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ ২৫ হাজার কোটি মার্কিন ডলার হতে পারে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে।