
দেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, পাশাপাশি অনেক ব্যাপক ও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি জানাতে গিয়ে এ কথা বলেন।
পুঁজিবাজারের প্রতিষ্ঠান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী নিজের কর্মজীবন নিয়ে তৃপ্তি ও সন্তুষ্টির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার জীবন যেভাবে শুরু করেছিলাম, তার চেয়ে অনেক ভালোভাবে শেষ হবে বলেই আশা করছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্তুষ্টি অর্জন করেছি। সেদিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। সৌভাগ্য আমার ওপর আসর ফেলেছে। পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে, যাঁরা তাঁদের জীবনটা বেশ উঁচু মানে শুরু করেছেন, কিন্তু শেষটি হয়েছে বেশ নিম্নপর্যায় বা বাজেভাবে। কিন্তু আমার বেলায় সেটি হয়নি।’
অর্থমন্ত্রী তাঁর কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘২০০১ সালের নির্বাচনে হেরে গিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। খুব খারাপ লাগে কারণ এর আগে কখনো ব্যর্থ হইনি। তখন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বললাম, ‘আমি আমার কাজে ফিরে যেতে চাই। তখন তিনি আমাকে নির্বাচনের চুরি, দুর্নীতি, জালিয়াতি নিয়ে গবেষণার দায়িত্ব নেওয়ার কথা বলেন। শুনে আমারও ভালো লাগে, তখন ওই দায়িত্ব নিয়ে কাজ শুরু করি। এ কাজ করতে গিয়ে প্রায় আট বছর তাঁর (বর্তমান প্রধানমন্ত্রী) সঙ্গে নিবিড়ভাবে কাজের সুযোগ হয়।’
অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত আট বছরে দেশে দারিদ্র্যের হারও দ্রুততার সঙ্গে কমেছে। অর্থনৈতিক নানা সূচকে বাংলাদেশের সাফল্যের পেছনে অর্থমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরিতেও ছিল তাঁর অবদান। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আমাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৮ শতাংশে আর হতদরিদ্রের হার নেমে আসবে ৩ শতাংশে।’
মন্ত্রিসভার সহকর্মী হিসেবে মুহিতের গুণাবলির কথা বলতে গিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে মুহিত ভাইয়ের পাশেই বসি আমি। প্রতি বৈঠকে দেখি মুহিত ভাই সভার আলোচনার সব বিষয় তাঁর নিজের একটি খাতায় টুকে রাখেন। হয়তো দেখা যায় তখন আমরা পাশের অন্য সহকর্মীর সঙ্গে কথা বলে সময় কাটাই। কিন্তু মুহিত ভাই সবকিছু লিখে রাখেন।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর অর্থমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে বলেন, তাঁর অসাধারণ একটি গুণ হলো যদি কখনো ভুল কোনো সিদ্ধান্ত নেন বা ভুল কথা বলেন এবং পরে সেটি বুঝতে পারলে অবলীলায় তা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ছাত্রজীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসম্ভব মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক নানা কর্মকাণ্ডেও দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের ওপর তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়।