উন্নয়নের স্বার্থে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এক আন্তর্জাতিক কর্মশালায় বক্তব্য দেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু l ছবি: প্রথম আলো
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এক আন্তর্জাতিক কর্মশালায় বক্তব্য দেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু l ছবি: প্রথম আলো

অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। তিনি বলেছেন, রাষ্ট্রীয়ভাবে এমন অনেক কাজ করা হয়, যার ফলে অর্থের অপচয় ঘটে। অথচ সামান্য একটু নীতি পরিবর্তন ঘটিয়ে এ অপচয় রোধ করা সম্ভব এবং তাতে বেসরকারি খাত অনেক বেশি সহায়তা পাবে।
এ প্রসঙ্গে একটি উদাহরণ দিয়ে বসু বলেন, বাংলাদেশের মতো দেশে সরকার গরিব মানুষকে খাদ্যসহায়তা দিয়ে থাকে। এটি খুবই প্রয়োজনীয় ও কল্যাণকর কাজ। এ ক্ষেত্রে খাদ্যসামগ্রী ক্রয় থেকে শুরু করে বিতরণের কাজটি সরকারিভাবে করা হয়। আর তাতে অনেক অপচয় ঘটে। কারণ, এ ব্যবস্থার মধ্যে অনেক ছিদ্র থাকে।
সরকার খাদ্যসামগ্রীর পরিবর্তে যদি গরিব মানুষের হাতে নগদ টাকা দেয়, তা অর্থনীতির জন্য ভালো। প্রযুক্তির সহায়তায় সরাসরি নগদ অর্থ পৌঁছানো গেলে উপকারভোগীরা প্রতিযোগিতামূলক বাজার থেকে পছন্দের পণ্য কিনতে পারবে। এতে বেসরকারি খাতে চাহিদা তৈরি হবে এবং খাতটিতে কর্মসংস্থানও বাড়বে।
বাংলাদেশ ব্যাংক এবং জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগ (ইউএনডিইএসএ) আয়োজিত দুদিনের এক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নীতি-পরামর্শ তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল সোমবার থেকে ‘সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বেসরকারি খাত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, ইউএনডিএএসএর বিশ্ব অর্থনীতি পর্যালোচনা বিভাগের প্রধান হামিদ রশীদ।

প্রসঙ্গত, অপচয় রোধের উপায় হিসেবে নব্বইয়ের দশকেই কৌশিক বসু এ ধরনের পরামর্শ দিয়েছিলেন তৎকালীন ভারত সরকারকে। পরবর্তী সময়ে যিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রধান অর্থনীতি-বিষয়ক উপদেষ্টাও হয়েছিলেন। কলকাতায় জন্ম নেওয়া কৌশিক বসু তাঁর নব্বইয়ের দশকে লেখা এক নিবন্ধে সরকারি চাকরিজীবীদের পেছনে অর্থ অপচয়ের একটি উদাহরণ তুলে ধরেছিলেন। তাতে বলা হয়, সরকারি বড় চাকরিজীবীদের অনেক ক্ষেত্রে বিশাল বিশাল ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। যার ভাড়া ওই চাকরিজীবীর বেতনের সমান। সরকার যদি ওই ফ্ল্যাটের পরিবর্তে চলতি বাজারমূল্যে ভাড়া বাবদ নগদ টাকা দিত, তাতে সবাই লাভবান হতেন। সরকারি ওই আমলাটি নিজের জীবনযাত্রা বদলে নিতেন একটু। হয়তো ভাড়া নিতেন ছোট একটি ফ্ল্যাট এবং বেঁচে যাওয়া টাকা খরচ করতেন অন্য কিছুতে। সরকারেরও এতে লোকসান হতো না, কারণ বরাদ্দ দেওয়া ফ্ল্যাটটি ভাড়া দিয়েই বাড়তি খরচ পুষিয়ে নেওয়া যেত।

 গতকালও কৌশিক বসু গরিব মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার পরিবর্তে নগদ টাকা দেওয়ার পরামর্শ দেন। কৌশিক বসুর মতে, এতে অপচয় কমবে আর বেসরকারি খাতে চাহিদা বাড়বে। এভাবেই বিভিন্ন নীতিসহায়তার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো সম্ভব বলে মনে করেন বাঙালি এ অর্থনীতিবিদ।

শিক্ষাজীবনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রভাবে প্রভাবিত কৌশিক বসু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও উন্নয়ন নিয়েও বেশ আশাবাদী। তাঁর মতে, বিশ্বে খুবই অল্প কিছু দেশ আছে, যারা ধারাবাহিকভাবে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ তাদের একটি। আর এটি সম্ভব হয়েছে উন্নয়ন বিষয়ে নীতিনির্ধারকদের আবেগ ও পেশাদারি মনোভাবের জন্য। তিনি আরও বলেন, যেকোনো নীতি গ্রহণের ক্ষেত্রে সদিচ্ছা, নৈতিক অবস্থান ও পেশাদারি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিক বসুর মতে, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ধরে রাখতে হলে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কর্মশালার প্রথম দিনে গতকাল তিনটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতে দেশি-বিদেশি শিক্ষক ও গবেষকেরা বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নীতি-বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের গবেষক ও অর্থনীতিবিদ ভেটো তানজি, সামষ্টিক অর্থনীতি নীতি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কর্মকর্তা আয়ানাতুল ইসলাম।