উন্নয়নের স্বার্থে মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল দেশের সব জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হলে মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে এখন মানবসম্পদ উন্নয়নের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। মানবসম্পদ উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে এমন মতামতই উঠে এসেছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) যৌথভাবে রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে গত মঙ্গলবার এ সেমিনারের আয়োজন করে। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউইয়র্কভিত্তিক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানবসম্পদ উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক সেলিম জাহান।
মূল প্রবন্ধে সেলিম জাহান বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির মানব উন্নয়ন সূচকের র্যাঙ্কিং দেখে এ ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে বিচার করা ঠিক হবে না। মানব উন্নয়নে গত ২৫ বছরে বাংলাদেশের স্কোর দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট থেকে বেড়ে দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে, শতাংশের হিসাবে এ ক্ষেত্রে ৪৮ শতাংশ অগ্রগতি হয়েছে।