উন্মুক্ত বাজেট সূচকে এগিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বাজেট সূচকে (ওবিআই) বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নতি করেছে। তার মানে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে।২০১২ সালে উন্মুক্ত বাজেট সূচকে বাংলাদেশ ১০০-র বিপরীতে ৫৮ নম্বর পেয়েছে। ২০০৮ ও ২০১০ সালে এই নম্বর ছিল যথাক্রমে ৪২ ও ৪৮। এবার মোট ১০০টি দেশের ওপর এই জরিপ করা হয়। এতে গড় নম্বর ৪৩। বাংলাদেশ এর বেশি পেলেও পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে কম নম্বর পেয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ (আইবিপি) ২০১২ সালের উন্মুক্ত বাজেট জরিপটি করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং আইবিপি যৌথভাবে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএনবির।জরিপে বলা হয়েছে, বাংলাদেশ আটটি বাজেট নথির মধ্যে মাত্র চারটি সময়মতো প্রকাশ করেছে। এগুলো হচ্ছে নির্বাহী বাজেট পরিকল্পনা, অনুমোদিত বাজেট, অর্ধবার্ষিক পর্যালোচনা ও বার্ষিক প্রতিবেদন। তবে বাজেট-পূর্ববর্তী আলোচনা, নাগরিক বাজেট, বর্ষ শেষে প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করেনি।অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রউফ তালুকদার, উপসচিব সিরাজুন নূর চৌধুরী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এম আবু ইউসুফ। প্রসঙ্গত, আইবিপি উন্মুক্ত বাজেট জরিপটি নিয়মিত প্রকাশ করে আসছে।