উপকূলঘেঁষে বাংলাদেশ-ভারত জাহাজ চলাচল অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলঘেঁষে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে গেছে। এ পথে চলাচলের জন্য ২২টি বাংলাদেশি জাহাজ নির্বাচিত করা হলেও কোনোটির মান সনদ নেই। ক্লাসিফিকেশন সোসাইটির মাধ্যমে এসব জাহাজ ‘শ্রেণিকরণ’ করা হয়নি। আন্তর্জাতিক মান অনুযায়ী, সমুদ্রপথে চলাচলের জন্য এসব জাহাজের প্রকৌশল ও নিরাপত্তা মান নেই। 
তাই গত অক্টোবর মাসেই দুই দেশের মধ্যে উপকূলঘেঁষে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু করার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। আবার কবে নাগাদ পরীক্ষামূলক চলাচল শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। সমুদ্র পরিবহন অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে।
উপকূলঘেঁষে জাহাজ চলাচল বলতে বোঝায়, গভীর সমুদ্রে না গিয়ে পণ্যবাহী জাহাজ উপকূলঘেঁষে এক দেশ থেকে অন্য দেশে যায়। সাধারণত এসব জাহাজে দেড় হাজার টন পর্যন্ত পণ্য পরিবহন করা হয়। তবে এসব জাহাজে কনটেইনার পরিবহন না করে পণ্য বোঝাই করে আনা হয়। এসব জাহাজকে গভীর সমুদ্রে যেতে হয় না বলে কম সময়ে পণ্য কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করতে গত বছর উপকূলঘেঁষে জাহাজ চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশের সমুদ্র পরিবহন অধিদপ্তর ও ভারতের নৌপরিবহন পরিদপ্তরের মধ্যে একাধিক সভা হয়। সর্বশেষ গত ২৪ জুনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, অক্টোবরে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হবে। এরপর চুক্তি স্বাক্ষর হবে।
বাংলাদেশের পক্ষে প্রস্তাব দেওয়া হয়, দুই দেশের বাণিজ্যে উপকূলঘেঁষে যত জাহাজ চলাচল করবে, এর ৫০ শতাংশই বাংলাদেশের হতে হবে।
অন্যদিকে ভারতের দিক থেকে একটি শর্ত দেওয়া হয় যে চলাচলকারী জাহাজকে ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে মান সনদ নিতে হবে বা শ্রেণিভুক্ত হতে হবে। ওই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের সমুদ্রগামী বা উপকূলঘেঁষে চলাচলকারী জাহাজের কারিগরি বা প্রকৌশল মান নির্ধারণ করার পর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণিভুক্ত (ক্লাস) করে থাকে। জাহাজের শ্রেণি অনুযায়ী বোঝা যায়, সমুদ্রপথে কিংবা উপকূল অতিক্রমের জন্য ওই জাহাজটির মান কোন পর্যায়ে রয়েছে। ভারতের আরেকটি শর্ত হলো, জাহাজে পণ্যের ছাউনিটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে হবে। এ ছাড়া ছাউনিটি বায়ু প্রতিরোধক হতে হবে।
মাস দুয়েক আগে পরীক্ষামূলক ও নিয়মিত চলাচলের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর উপকূলঘেঁষে চলাচলের জন্য ২২টি জাহাজ বাছাই করে। সবগুলো জাহাজের স্বয়ংক্রিয় ব্যবস্থায় ছাউনি ওঠানামার ব্যবস্থা আছে। কিন্তু কোনোটিরই ক্লাসিফিকেশন সোসাইটির কোনো মান সনদ নেই। আর মাত্র কয়েক বছর ধরে জাহাজের ‘শ্রেণি’ নির্ধারণের জন্য ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদিত ছয়টি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। কিন্তু সমুদ্র পরিবহন অধিদপ্তর যে ২২টি জাহাজকে নির্বাচিত করেছে, এর বেশির ভাগই ১০-১২ বছরের পুরোনো। তাই মান সনদ নেননি এসব জাহাজের মালিকেরা। আর জাহাজের মান নির্ণয় করতে বেশ অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করতে হয়, যা বেশ ব্যয়সাপেক্ষ।
সমুদ্র পরিবহন পরিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভুঁইয়া প্রথম আলোকে জানান, এসব জাহাজ দেশের অভ্যন্তরে নৌ বা সমুদ্রপথে চলাচল করবে, এমন চিন্তাভাবনা থেকেই মালিকেরা বিনিয়োগ করেছেন। তাই মান সনদ বা ক্লাস করা হয়নি। এই অবস্থায় এসব জাহাজ দিয়ে সহসাই উপকূলীয় সমুদ্রপথে চলাচল করা সম্ভব নয়। এখন যদি দুই দেশ আলোচনা করে শর্ত শিথিল করে, তাহলে হয়তো চলাচল শুরু হতে পারে।
তবে তিনি জানান, রোদেলা নামে একটি জাহাজ দিয়ে চলতি মাসের শেষে দিকে একটি পরীক্ষামূলক চলাচল শুরুর চেষ্টা চলছে। এখন ওই জাহাজের আন্তর্জাতিক বিমাকরণের কাজ চলছে।
এ অধিপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা জানান, বাংলাদেশের জাহাজগুলো যে শ্রেণিকরণ নেই, সেটা জানা ছিল। এখন ভারতকে সেটা জানানোর পর ভারতীয় পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে তাঁদের একটি নিজস্ব মানদণ্ড ‘রিভার সি ভেসেল’ (আরএসভি) অনুসরণের পরামর্শ দেয়। নির্বাচিত জাহাজগুলোর সেই মানদণ্ডে উত্তীর্ণ হবে কি না, তা যাচাই করতে এখন নকশা ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে সমুদ্রপথে আন্তদেশীয় বাণিজ্য করতে হলে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেই জাহাজ চলাচল করতে হবে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বাংলাদেশের বাইরে থাকায় কোনো বক্তব্য জানা যায়নি।