উপকূলীয় অঞ্চলে কাঁকড়া চাষের সম্ভাবনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা বাড়ছে, যা কাজে লাগাতে পোনা উৎপাদনে হ্যাচারি স্থাপন, স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থাপনা, ব্যাংকঋণ প্রদান ও বিভিন্ন পর্যায়ে পুলিশি হয়রানি দূর করতে হবে। এতে কাঁকড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়া চাষ নিয়ে গতকাল নগরের শ্রিম্প টাওয়ারে আয়োজিত এক সেমিনারে স্থানীয় কাঁকড়া চাষি ও রপ্তানিকারকেরা এমন মত দেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সেমিনারটির আয়োজন করে।চাষিরা জানান, প্রতি কেজি ছোট কাঁকড়া (প্রতিটি ৪০-৫০ গ্রাম) ৬০ থেকে ৮০ টাকায় সংগ্রহ করে খামারে পরিচর্যা (ফ্যাটেনিং) করা হয়। তিন মাসেই পুরুষ কাঁকড়া ৪০০ থেকে ৫০০ গ্রাম ও স্ত্রী কাঁকড়া ১৮০ থেকে ২৫০ গ্রামে পরিণত হয়। পরিপুষ্ট কাঁকড়া ৯০০ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি ও রপ্তানি হয়। ফলে অল্প সময়েই কাঁকড়া বিক্রি থেকে কেজিতে লাভ হয় ৫০০ থেকে ৬০০ টাকা।খুলনার মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক আবদুর রশীদ প্রথম আলোকে জানান, খুলনা জেলায় প্রায় চার হাজার, সাতক্ষীরা জেলায় ৩০৭ ও বাগেরহাট জেলায় ৩৩৩টি ঘেরে বর্তমানে কাঁকড়ার চাষ হচ্ছে। চাষিরা জানান, কাঁকড়ার খামারে চিংড়ির মতো ভাইরাস সংক্রমনের দুশ্চিন্তা নেই। প্রক্রিয়াকরণে জটিলতা বা দ্রুত পচনের ভয়ও নেই। তবে বিভিন্ন স্থান থেকে পোনা সংগ্রহ করে খামারে আনার পথে পুলিশ হয়রানি করে। টাকা দিলেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে।