
উপকূলীয় অঞ্চলে স্থাপনা নির্মাণের জন্য উচ্চশক্তির বিশেষায়িত সিমেন্ট বাজারে আনছে চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। ‘ডায়মন্ড কোস্টাল প্লাস’ নামের এই সিমেন্ট উপকূলীয় অঞ্চলের স্থাপনা নির্মাণে দীর্ঘ মেয়াদে বিশেষ সুরক্ষা দেবে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের র্যা ডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জসীম উদ্দিন খোন্দকার, মহাব্যবস্থাপক এ বি এম কামালউদ্দিন, উপমহাব্যবস্থাপক আবদুর রহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিমেন্ট ও কংক্রিট নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম।
হাকিম আলী বলেন, ‘বাংলাদেশে প্রথম আমরা এই বিশেষায়িত সিমেন্ট বাজারজাত করছি। উপকূলীয় এলাকায় নির্মিত স্থাপনার কংক্রিটে ক্লোরাইড ও সালফারের আক্রমণ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে এই সিমেন্ট। এই সিমেন্ট ক্ষয় ও নোনারোধী এবং ফাটল ও আর্দ্র প্রতিরোধক।’
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জসীম উদ্দিন খোন্দকার বলেন, বিশ্বে ২৭ ধরনের সিমেন্ট উৎপাদন হলেও বাংলাদেশে ‘সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট’ ও ‘পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট’ প্রস্তুত করা হয়। ডায়মন্ড সিমেন্ট এবার কোস্টাল প্লাস নামে ‘পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট’ বাজারজাত করছে। বিশ্বে এই সিমেন্টের চাহিদা বাড়ছে। গত বছর বিশ্বে ৫ বিলিয়ন টন স্ল্যাগ সিমেন্ট ব্যবহৃত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই সিমেন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ কেজির প্রতি বস্তা ৪১০ টাকা। বাজারে ব্র্যান্ডভেদে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট প্রতি বস্তা ৪২৫ টাকা এবং কম্পোজিট সিমেন্ট ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা কক্সবাজার, চট্টগ্রাম এবং নোয়াখালীতে এই সিমেন্ট বাজারজাত করা হবে। পর্যায়ক্রমে পুরো উপকূলীয় অঞ্চলে বাজারজাত করা হবে এই সিমেন্ট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে বড় ধরনের সব কংক্রিট ফাউন্ডেশন, বাঁধ, জেটি, আশ্রয়কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র, জলাধার, সাগরের পানি ও সালফেটে উন্মুক্ত মেরিন কংক্রিট এবং জলে ডুবে থাকা যেকোনো কাঠামো নির্মাণে এটি আদর্শ সিমেন্ট।