উপকূলীয় অঞ্চলের ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন করা হবে। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতেই ওই সব এলাকার অবকাঠামো নির্মাণ করা হবে।
পৌরসভাগুলো হলো বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, আমতলী, গলাচিপা, কলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও দৌলতখান এবং খুলনা বিভাগের বাগেরহাট পৌরসভা। এ জন্য ১ হাজার ৫৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এটি সংশোধিত প্রকল্প। এর আগে এই প্রকল্পের সমীক্ষা হয়।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০২০ সালের মে মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এই প্রকল্পের আওতায় ওই সব পৌরসভা এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে সাহায্য হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দেবে ৮৪২ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নিরাপদ পানি ধরে রাখার জন্য আধার নির্মাণ; সৌরবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের আবাসন সংকট নিরসনে দেশের বিভাগ, জেলা, উপজেলাসহ প্রয়োজনীয় সব স্থানে পুলিশ ব্যারাক নির্মাণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
গতকালের একনেকে ৩ হাজার ২৯০ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় উৎস থেকে দেওয়া হবে ২ হাজার ৪১২ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৮৪৩ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ৩৫ কোটি টাকা।
তিনটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার জন্য তিনটি পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। এই তিনটি প্রকল্পে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পগুলো হলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন); গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন); গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন)।
গতকালের একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন; কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক উন্নয়ন (চামড়াঘাট-মিঠামইন অংশ) (২য় সংশোধিত); বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ এবং ময়মনসিংহ ও গোপালগঞ্জে দুটি স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প।