উপদেষ্টা, মন্ত্রী ও গভর্নরের অপসারণ চেয়েছেন বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে আজ সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান ধর্মঘট, অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা শেয়ারবাজারে ধসের জন্য অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়ী করেন এবং তাঁদের পদত্যাগ দাবি করেন। বিনিয়োগকারীরা ১০ দফা দাবিও পেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের মতো আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এর প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসই কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি শুরু করেন বিনিয়োগকারীরা। একপর্যায়ে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের মতো নেমে গেলে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা বেরিয়ে ওই কর্মসূচিতে যোগ দেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত কর্মসূচি চলে। এ সময় দুই বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দেওয়া হয়।কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচিতে আসার পথে পুলিশ আমির হোসেন নামের এক বিনিয়োগকারীকে আটক করে। পরে বেলা দুইটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।কর্মসূচিতে ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, শাহাদাত উল্লাহ ফিরোজ, এম এ তারেক, গোলাপ হোসেন, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।এ সময় পুঁজিবাজারে ধসের কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং ডিএসইর প্রেসিডেন্টকে দায়ী করে তাঁদের পদত্যাগ দাবি করেন বক্তরা। সংগঠনটির পক্ষ থেকে দুটি প্রচারপত্র বিতরণ করা হয়। একটি প্রচারপত্রে ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীর পদত্যাগ, ৭২ ঘণ্টার মধ্যে এসইসি পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতিপূরণসহ ১০ দফা দাবি পেশ করা হয়।আরেকটি প্রচারপত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেয়ারবাজারের অসহায় বিনিয়োগকারীরা আপনার প্রতিপক্ষ নয়।’ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত এসএলআর ও সিআরআর হার কমানো, বাণিজ্যিক ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে যে পরিমাণ মুনাফা অর্জন করেছে, সেই মুনাফার টাকা শেয়ারবাজারে আবার বিনিয়োগের ব্যবস্থা নেওয়া হোক।প্রচারপত্রে আরও বলা হয়, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতেবেদন যেসব বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের আবার বিনিয়োগে বাধ্য করা হোক। শেয়ারবাজার থেকে তাদের বিনিয়োগের টাকা কমপক্ষে তিন বছর তোলা যাবে না। তারা কেবল লাভের টাকা তুলতে পারবেন—এ শর্ত দেওয়া হোক।বাজার পরিস্থিতি: আজ ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ৫০ মিনিট পর ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্ট পড়ে যায়। পরে সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে বেশ কয়েকবার ওঠানামা করে দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিন শেষে সূচক ২৭.৩৩ পয়েন্ট বেড়ে ৫৬৩৮.৮০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ১৫.৬২ পয়েন্ট কমে ১৫,৬৮৪.৮১ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে।