উপদেষ্টা বসিয়ে সংকট কাটাতে চায় ফারমার্স ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট ঠেকাতে এবার উপদেষ্টা নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি খাতের ফারমার্স ব্যাংক। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গত শুক্রবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ নিয়োগ কার্যকর হবে।

ব্যাংক খাতে বহুল আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির ঘটনার পর সোনালী ব্যাংকে এমডি পদে দায়িত্ব পেয়েছিলেন প্রদীপ কুমার দত্ত।

ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আস্থার সংকটে পড়ে গ্রাহকেরা ফারমার্স ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। এ কারণে ব্যাংকটিকে চরম তারল্যসংকট দেখা দিয়েছে। ফলে লেনদেনের দৈনন্দিন কার্যক্রম চালাতেও হিমশিম খেতে হচ্ছে ব্যাংকটিকে। রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিয়েও এ সংকট মেটানো যাচ্ছে না। তাই টাকা ফেরত দিতে গ্রাহকদের কাছ থেকে বাড়তি সময় নিচ্ছে ব্যাংকটি। এ অবস্থায় পড়া ব্যাংকটিকে কি বাঁচাতে পারবেন প্রদীপ দত্ত?

এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য জানতে কয়েক দফা ফোন করে ও খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।

যোগাযোগ করা হলে প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটির পর্ষদ আমাকে উপদেষ্টা করেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলেই এ নিয়োগ কার্যকর হবে। যোগদান করলে আমার প্রধান দায়িত্ব হবে ব্যাংকটিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। তারল্যসংকট দূর করতে ঋণ আদায় জোরদার করা হবে। ব্যাংকটি যে সমস্যার মধ্যে পড়ে গেছে, উদ্যোক্তারা তা দূর করার চেষ্টা করছেন।’

যোগদান করলে কি নিয়মের মধ্যে থেকে ব্যাংকটি চালাতে পারবেন? এমন প্রশ্নের জবাবে প্রদীপ দত্ত বলেন, ‘ব্যাংকটির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আমাকে স্বাধীনভাবে ব্যাংক পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁরাও এখন চাইছেন, ব্যাংকটি সুন্দরভাবে পরিচালিত হোক।’ এ জন্য গণমাধ্যমের সহায়তা চান তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিয়মের বেশি ঋণ দিয়েছে ফারমার্স ব্যাংক। এসব ঋণ এখন আদায়ও হচ্ছে না। ফলে বড় ধরনের তারল্যসংকট তৈরি হয়েছে ব্যাংকটিতে। অন্যদিকে সাধারণ গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করতে গিয়ে খুব বেশি সাড়া পাচ্ছে না ব্যাংকটি। উল্টো আমানত তুলে নেওয়ার চাপ বাড়ছে দিন দিন।

এ অবস্থায় ২০১৩ সালে যাত্রা শুরু করা নতুন এ ব্যাংকের খেলাপি ঋণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। গত সেপ্টেম্বর শেষে ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩৭৭ কোটি টাকা। অর্থাৎ বিতরণ করা ঋণের ৭ দশমিক ৪৫ শতাংশই খেলাপি। মার্চ-জুন সময়ে ব্যাংকটি খেলাপি গ্রাহকদের থেকে আদায় করেছে মাত্র ৭ কোটি টাকা। শীর্ষ ১০ খেলাপি গ্রাহকের কাছেই ব্যাংকটির পাওনা ১৩৪ কোটি টাকা।

সূত্র জানায়, তারল্যসংকটে পড়ে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা আমানত চেয়ে চিঠি দিয়ে কোনো সাড়া পায়নি ব্যাংকটি। তবে কেন্দ্রীয় ব্যাংক গত মঙ্গলবার রেপোর মাধ্যমে ৯৬ কোটি টাকা জোগান দেয় ব্যাংকটিকে। এরপরও গত বৃহস্পতিবার নিয়মমতো বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে ফারমার্স ব্যাংক। এর আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যাংকটিতে রাখা তাদের মেয়াদোত্তীর্ণ আমানত সুদাসলে তুলতে গেলে কয়েক দফায় চেক ডিজঅনার হয়।

এর আগে গত ২৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, ফারমার্স ব্যাংকে চরম তারল্যসংকট চলছে। এখন আমানতকারীর দায় পরিশোধের মতো পরিস্থিতি এই ব্যাংকের নেই। নিয়মমতো টাকা জমা রাখতে ব্যর্থ হওয়ায় গত এক বছরে ব্যাংকটিকে ১৮ কোটি ৪৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ফারমার্স ব্যাংকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাওয়া প্রদীপ কুমার দত্ত আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির পর ২০১২ সালের ১৭ জুন সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়ে চার বছর দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেওয়ার সময় ২০১২ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১২ হাজার ৫৯৭ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা কমে হয় ৮ হাজার ৬৮৫ কোটি টাকা। তবে ২০১২ সালে ঋণ অবলোপন ছিল ১ হাজার ১৯ কোটি, যখন তিনি দায়িত্ব শেষ করলেন তখন অবলোপন করা ঋণের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৪২৮ কোটি টাকা। ঋণ অবলোপন করে কমানো হয়েছে খেলাপি ঋণ, ফলে আপাত ভালো দেখায় অন্য সূচকগুলো। এ সময়ে সরকার থেকে ২ হাজার ৭০৫ কোটি টাকা মূলধন সহায়তা পেয়েছিল সোনালী ব্যাংক।