উপাত্তই হবে তথ্যপ্রযুক্তি ব্যবসার মূল বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পি ডি শর্মা
পি ডি শর্মা

প্রথম আলো: বাংলাদেশে এয়ারটেলের বয়স চার বছর। সামনের দিনগুলোতে আপনাদের লক্ষ্য কী?
পি ডি শর্মা: আমরা দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হতে চাই, সবার পছন্দের নির্ভরযোগ্য ব্র্যান্ড হতে চাই। ইতিমধ্যে আমরা সারা দেশে টুজি নেটওয়ার্ক স্থাপন করেছি এবং ২০টি জেলায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছি। আগামী দিনে আরও উদ্ভাবনীমূলক পণ্য ও সেবা দেব, যা আমাদের প্রবৃদ্ধি নিশ্চিত করবে। আমরা চাই, আমাদের সেবার মাধ্যমে গ্রাহকেরা তাঁদের অর্থের সর্বোচ্চ মূল্যটা পান।
প্রথম আলো: ভারত বা আফ্রিকার তুলনায় বাংলাদেশের বাজার কেমন?
পি ডি শর্মা: বাংলাদেশ ও ভারতের ভোক্তাদের আচরণ অনেকটাই একই রকম। তবে ভারতের বাজার বাংলাদেশের তুলনায় অনেক বড়। অন্যদিকে আফ্রিকা ও বাংলাদেশের বাজার দুটি দ্রুত বর্ধনশীল। তবে বাংলাদেশে থ্রিজি ও ডেটা ব্যবসার চমৎকার সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
প্রথম আলো: অনেক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে ভয়েস কলের দিক থেকে অপারেটররা প্রবৃদ্ধির সংকটে পড়তে পারে। আপনি কী মনে করেন?
পি ডি শর্মা: বিশেষজ্ঞদের সঙ্গে আমি এ বিষয়ে একমত। বাজার যতটা বড় হবে, ভয়েস কলের প্রবৃদ্ধি একই হারে হবে না। তবে ডেটা ব্যবহারের পরিমাণ জ্যামিতিক হারে বাড়বে। এ জন্যই আমরা ভয়েস মার্কেটের পাশাপাশি ডেটা মার্কেটেও গভীরভাবে মনোযোগ দিচ্ছি। অর্থাৎ ইন্টারনেটভিত্তিক কর্মকাণ্ডই হবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও ডেটা ব্যবসা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসার মূল ক্ষেত্রই হবে এই ডেটা (উপাত্ত) ব্যবসা।
প্রথম আলো: আপনাদের থ্রিজি সেবার বর্তমান অবস্থা কী?
পি ডি শর্মা: গ্রাহকের অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, থ্রিজি সেবা নিয়ে তাঁরা খুশি। আমার গ্রাহকদের সর্বোচ্চ গতির ইন্টারনেট দিচ্ছি। ২০১৫ সালের মধ্যে সারা দেশে থ্রিজি সেবা চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের নেটওয়ার্ককে বলি স্মার্টফোন নেটওয়ার্ক। থ্রিজি সেবার জন্য সামর্থ্যের মধ্যে হ্যান্ডসেট পাওয়ার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন কোম্পানির হ্যান্ডসেটের সঙ্গে কিছু বান্ডেল অফার দিচ্ছি। এখন বাজারে তিন হাজার টাকার ভেতরেই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সামনের দিনগুলোতে এ ধরনের সুযোগ আরও বাড়বে।
প্রথম আলো: এয়ারটেল গ্রাহকদের জন্য বিশেষ কী সুবিধা দিচ্ছে, যা এ প্রতিষ্ঠানকে অন্যদের চেয়ে আলাদা হিসেবে চিহ্নিত করা যায়?
পি ডি শর্মা: আপনারা যদি আমাদের ‘সবাই এক’ ট্যারিফ পরিকল্পনাটি দেখেন, তাহলে বোঝা যাবে বাংলাদেশে টেলিকম খাতের জন্য এটি একটি মাইলফলক। এ পরিকল্পনা গ্রাহককে বিভিন্ন বিধিনিষেধ থেকে রক্ষা করবে। ২৪ ঘণ্টা একই হারে কথা বলতে পারছেন গ্রাহকেরা। এই ট্যারিফ পরিকল্পনার সহজ এবং স্বচ্ছ মোবাইল ট্যারিফের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়াকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি। আবার এয়ারটেল একটি তারুণ্যে ভরপুর এবং সমৃদ্ধ ব্র্যান্ড। আমরা সর্বদা উদ্ভাবন ও মানবীয় সম্পর্কের ওপর জোর দিই।
প্রথম আলো: এয়ারটেল ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনারা কী ধরনের সুফল পেয়েছেন?
পি ডি শর্মা: এয়ারটেল এই ব্র্যান্ড নামে বিশ্বের ২০টি দেশে কার্যক্রম চালাচ্ছে। সারা বিশ্বে আমাদের ৩০ কোটি গ্রাহক রয়েছেন। গ্রাহকসংখ্যার দিক থেকে আমরা বিশ্বে চতুর্থ বৃহত্তম অপারেটর এবং আফ্রিকায় দ্বিতীয় বৃহত্তম। ২০১৪ সালে আমাদের রাজস্ব আয় ছিল ১৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রথম আলো: বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
পি ডি শর্মা: বিগত ১৭ বছরে এ দেশের মানুষের জীবনযাত্রা, মোবাইলপ্রযুক্তি এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্র অনেক বেড়েছে। এখন টেলিযোগাযোগ নীতিমালাটি যুগের চাহিদা অনুযায়ী সংশোধন করা প্রয়োজন। আমরা আশাবাদী যে শিগগিরই একটি টেলিযোগাযোগ নীতি পাব, যেটা টেলিযোগাযোগ খাতে প্রভাবকের ভূমিকা পালন করবে।