উভয় শেয়ারবাজারই এক দিন পর ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। গতকাল লেনদেনের শুরু থেকেই দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে সূচকও বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েকদিন ধরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা চলে আসছিল। এর মধ্যেই তালিকা-ভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত বিষয়ে রোববার একটি রুল জারি করেন হাইকোর্ট। এ-সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার বিনিয়োগকারীদের মধ্যে বেশ অস্থিরতা লক্ষ করা যায়, যার নেতিবাচক প্রভাব ওই দিন বাজারে দেখা যায়।তবে সোমবার অ্যাটর্নি জেনারেল বিষয়টি পরিষ্কার করায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা আবার কমে আসে। ফলে অনেকে বাজারে সক্রিয় হন, যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা যায় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মো. মুসা প্রথম আলোকে বলেন, কয়েকদিন ধরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা চলে আসছিল। এর মধ্যে হাইকোর্টের রিটের কারণে বিনিয়োগকারীরা কিছুটা ভয় পেয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল বিষয়টি পরিষ্কার করায় তাঁদের ভয় অনেকটা কেটে গেছে। তবে গতকাল ছোট মূলধনের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেশি ছিল বলে মনে করেন তিনি।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে ৫,২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২২০টির দাম, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৯২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪১ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা পেট্রোলিয়াম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,২৩৭ পয়েন্টে। সিএসইতে আজ মোট ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে। কমেছে ২৫টির, আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি।