উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পুঁজিবাজারের ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় একটি মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগে সম্মতি দেয়। তারই প্রভাবে গতকাল মূল্যসূচক ও লেনদেনের ওপর প্রভাব পড়েছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ঢাকার বাজারে ৮২ শতাংশ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১ শতাংশ বা ৫৯ পয়েন্ট এবং সিএসইর সার্বিক মূল্যসূচক দশমিক ৫ শতাংশ বা ৯৬ পয়েন্ট বেড়েছে। দুই বাজারে গতকাল সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৭০ পয়েন্ট বেড়ে যায়। দিনের প্রায় পুরোটা সময় এই ধারা বজায় থাকে বাজারে। মাঝখানে সূচকের কিছু ওঠানামা থাকলেও সেটি খুব বেশি স্থায়ী ছিল না। এদিকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গতকাল ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের নেতারা (এফবিসিসিআই) ডিএসই, সিএসই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। গত বুধবারই এ বৈঠকের কথা জানানো হয়েছিল। তাই এই বৈঠক গতকাল বিনিয়োগকারীদের কিছুটা আশান্বিত করে তোলে, যা সপ্তাহের শেষ দিনে বাজারকে দুই দিনের টানা দরপতন থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। ডিএসইতে গতকাল ২৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ২১১টির দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর ১৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১০ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে ৩৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি টাকা বেশি।ডিএসইতে এই দিন লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইউসিবিএল, মালেক স্পিনিং ও এমআই সিমেন্ট। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার ৬৬৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৭৭ কোম্পানির মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত ছিল ১৯টির। দিন শেষে সিএসইতে ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের লেনদেনের দ্বিগুণেরও বেশি। বুধবার চট্টগ্রামের বাজারে ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।