উলিপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা
কুড়িগ্রামের উলিপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের ভিড় লেগে আছে পৌর শহরের প্রায় প্রতিটি বিপণিবিতানে। দিন যতই গড়াচ্ছে কেনাকাটাও তত বাড়ছে।উলিপুর পৌর শহরের মণ্ডল মার্কেট, ইসলাম সুপার মার্কেট, হাজী মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে বাহারি পোশাক দোকানে তুলেছেন দোকানিরা। তৈরি পোশাক ও শাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তাই এসব পোশাক বিক্রি করছে এমন দোকানগুলোয় ক্রেতার আনাগোনাও বেশি। সে কারণেই এসব দোকানে পুরুষের চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি।বুটিকস বস্ত্রালয়ের মালিক মনির হোসেন মোল্লা জানান, ঈদে ছোটদের জিন্স, ‘হানড্রেড পার্সেন্ট লাভ’ নামের পোশাক, টি-শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট ও নানা ধরনের গেঞ্জি এসেছে। মেয়েরা ছুটছে ‘পাগলু’, ‘বাহামনি’, ‘কারিনা’, ‘হানড্রেড পার্সেন্ট লাভ’, শাড়ি ও থ্রি-পিসের দিকে। আর পুরুষদের মধ্যে চায়না প্যান্ট, থাই প্যান্ট, টি-শার্ট, ফতুয়া, শর্ট ও লম্বা পাঞ্জাবির চাহিদা বেশি। অনেকে আবার জুতা ও চুরির দোকানে ভিড় করছে।মৃত্তিকা বস্ত্র শোভার মালিক সুশান্ত কুমার দে বলেন, বেশির ভাগ পোশাক ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাঁদের দাবি, পোশাকের দাম বেশি রাখছেন বিক্রেতারা।এদিকে ঈদ সামনে রেখে দর্জির দোকানেও পড়েছে নতুন পোশাক বানানোর ধুম। দর্জিরা দিনরাত টানা কাজ করছেন।