উল্লাপাড়ায় ঈদের বাজারে ভিড়
উল্লাপাড়ায় ঈদের বাজার জমে উঠেছে। বিপণিবিতান ও মার্কেটগুলোতে দিনরাত উপচে পড়া ভিড়।সরেজমিন আলাপকালে জানা যায়, পৌর শহর ও এর পার্শ্ববর্তী এলাকার লোকজনের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও নারী-পুরুষেরা ঈদের কেনাকাটা করতে উপজেলা সদরে ছুটে আসছেন। বরাবরের মতো এবারও নারী-পুরুষের বিভিন্ন ধরনের পোশাক ও জুতার দোকানেই বেশি ভিড়।অপরূপা বস্ত্রালয়ের মালিক গৌতম কুন্ডু প্রথম আলোকে জানান, এবার মহিলাদের মধ্যে ঢাকার নবরূপা, টাঙ্গাইল সিল্ক ও টিসু কাতান শাড়ির চাহিদা সবচেয়ে বেশি।আলনুর পাঞ্জাবি হাউসের মালিক এস এম আলাউদ্দিন জানান, ১০ রোজার পর থেকেই বেচাকেনা বেড়ে গেছে। এবার সুতির ইউনিটিকা ও ভারতীয় মটকার পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে বলে তিনি জানান।ক্রেতা আমির আলী বলেন, অনেক দিন পর এবার পাটের দাম বেশি হওয়ায় (প্রতি মণ ১৭০০-১৮০০ টাকা) কৃষকেরা ভালোভাবে ঈদের কেনাকাটা করতে পারছেন। তা ছাড়া বাজারে ধানের দামও ভালো থাকায় ঈদের কেনাকাটায় সমস্যা হচ্ছে না বলে জানান কৃষকেরা।