উসকে দেওয়া মুদ্রাযুদ্ধে কেউ জয়ী হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে সেই বইটার কথাই বলা যাক। সং হংবিং নামের এক চীনা লেখকের বইটি ২০০৭ সালে প্রকাশিত হওয়ার পর চীনে বহুদিন সেরা বিক্রীত বইয়ের তালিকায় ছিল। চীনা ভাষায় রচিত বইটির মূল বক্তব্য এ রকম: পশ্চিমা দেশগুলো ও তাদের অর্থনীতি আসলে কিছু বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে আসছে। এসব ব্যাংকই সেসব দেশের কেন্দ্রীয় ব্যাংককে নেপথ্যে থেকে নিয়ন্ত্রণ করে থাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচিত ফেডারেল রিজার্ভ আসলে ব্যক্তি খাতের স্বার্থকেই দেখে। এ বইয়ে ২০০৮ সালে আমেরিকায় যা আর্থিক খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে, তারও পূর্বাভাস দেওয়া হয়েছিল। বইটির নাম কারেন্সি ওয়ারস (মুদ্রা নিয়ে যুদ্ধ)।হালে (২৭ সেপ্টেম্বর, ২০১০) ব্রাজিলের অর্থমন্ত্রী গুইদো মানটেগা ঘোষণা দিয়ে বসলেন, পৃথিবী এখন আন্তর্জাতিক মুদ্রাযুদ্ধের মধ্যে আছে। তার পরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্কবাণী উচ্চারণ করল এই বলে যে মুদ্রাযুদ্ধ বিশ্ব অর্থনীতির মন্দা ভাবকে প্রলম্বিত করবে। ব্যস। এবার দুনিয়াজুড়ে শুরু হয়ে গেল তোলপাড়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই এ হইচই ব্যাপক আকার ধারণ করে। পত্রপত্রিকা ও গণমাধ্যমগুলোয় এ নিয়ে প্রতিদিনই লেখালেখি ও তর্ক-বিতর্ক চলছে।মুদ্রাযুদ্ধ কী: যখন বিভিন্ন দেশ নিজ নিজ বিহিত মুদ্রার মান বা দরকে কিছুটা কমিয়ে রাখতে শুরু করে, তখনই মুদ্রাযুদ্ধ দেখা দেয়। অর্থনীতির পরিভাষায় একে মুদ্রার প্রতিযোগিতামূলক অবমূল্যায়নও বলা হয়ে থাকে। কেননা, বিভিন্ন দেশ একযোগে যার যার মুদ্রা অবমূল্যায়ন করার প্রতিযোগিতায় নামে। বিশ্ব অর্থনীতির ইতিহাসে বিষয়টি নতুন নয় একেবারেই। ১৯৩০-এর দশকে মহামন্দার সময় বিভিন্ন দেশ যখন স্বর্ণমান বর্জন করে, তখন নিজ দেশের বেকারত্ব সামাল দেওয়ার অন্যতম চেষ্টা হিসেবে মুদ্রার অবমূল্যায়নের প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু বাণিজ্যিকভাবে পরস্পরের ওপর নির্ভরশীল দেশগুলো প্রত্যেকে প্রত্যেকের মুদ্রার মান কমিয়ে তেমন একটা সুফল পায়নি। সে জন্য একপর্যায়ে আমদানি শুল্ক বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়।সম্প্রতি মুদ্রার যুদ্ধ বা প্রতিযোগিতামূলক অবমূল্যায়নের ক্ষেত্রটা ২০০৯ সালেই প্রস্তুত হয়ে যায় বলে বিশ্লেষকেরা মনে করছেন। ২০০৮ সালে আমেরিকায় সৃষ্ট আর্থিক সংকটের জের ধরে বিশ্বমন্দা আঘাত হানে, যার চোট অব্যাহত থাকে ২০০৯ সালে। বিশ্ববাণিজ্যের পরিমাণ কমে যায় প্রায় ১২ শতাংশ। বিভিন্ন দেশের পণ্যসেবা ও জনশক্তি রপ্তানি হ্রাস পায়। রপ্তানিতে সহায়তা দিতে গিয়ে একপর্যায়ে বিভিন্ন দেশ নিজেদের মুদ্রার মান কমানোর দিকে অগ্রসর হয়। কিছুদিন আগে মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। এটা জাপানি রপ্তানিকারকদের জন্য আঘাত হিসেবে আসে। কারণ পণ্য রপ্তানি করে জাপানিরা আগে ডলার বা ইউরোর বিপরীতে দেশীয় মুদ্রায় যা পেত, ইয়েন শক্তিশালী হওয়ার পর তা পাচ্ছে না। বিশ্বব্যাংকের হিসাব থেকে দেখা যায়, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরে ডলারের বিপরীতে ইয়েনের দর বেড়েছে প্রায় ২৫ শতাংশ। সুতরাং, জাপান সরকার হস্তক্ষেপ করল ইয়েনের দরপতনের জন্য। এশিয়ার আরও কয়েকটি দেশ (কলম্বিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া) একই পথে হেঁটেছে। ব্রাজিল তাদের মুদ্রা রিয়ালকে আরও শক্তিশালী হওয়া ঠেকাতে বিদেশি পুঁজি প্রবেশের ওপর করহার বাড়িয়ে দিয়েছে, যেমনটা করেছে থাইল্যান্ড। দেখা যাচ্ছে, মুদ্রার মান কমানোর চেয়ে বরং মান যেন আর না বাড়ে, সেটা ঠেকানোর অর্থাৎ বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টাই বিভিন্ন দেশে জোরালো। কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্র এটা কোনোভাবেই মানতে পারছে না। এ ক্ষেত্রে তাদের প্রধান বিরোধ অবশ্যই চীনের সঙ্গে।চীন-যুক্তরাষ্ট্র বিরোধ: সেপ্টেম্বর মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ৩৪৮-৭৯ ভোটে চীন থেকে পণ্য আমদানিতে কাউন্টারভেইলিং শুল্ক আরোপের অনুমোদন দিয়ে একটি বিল পাস করেছে। পণ্য উৎপাদন বা রপ্তানিতে কোনো দেশের সরকার অন্যায়ভাবে ভর্তুকি দিলে এই পণ্য আমদানিকারক দেশে বিশ্ববাণিজ্য সংস্থার বিধি অনুসারে এই শুল্ক আরোপ করতে পারে। এটি হয় নিয়মিত আমদানি শুল্কের অতিরিক্ত শুল্ক। বিলটি পাস হলেও যুক্তরাষ্ট্র সরকার এখনো এ শুল্কারোপ করতে পারেনি। কারণ সিনেটে বিষয়টি আলোচনা ছাড়াই স্থগিত রাখা হয়েছে।বস্তুত, কাউন্টারভেইলিং শুল্ক আরোপের সিদ্ধান্তটি এসেছে চীনকে তাদের মুদ্রার মান আরও বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ থেকে। আমেরিকা-ইউরোপ দীর্ঘদিন ধরে অভিযোগ করে যাচ্ছে, চীন কৃত্রিমভাবে তাদের মুদ্রা ইউয়ানের মানকে কমিয়ে রাখছে। এতে সে দেশের পণ্য রপ্তানিকারকেরা বাড়তি সুবিধা পাচ্ছেন। দীর্ঘদিনের এই চাপের মুখে জুন মাসে চীনের কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে ইউয়ানের দর ওঠা-নামার ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দিয়েছে। এরপর গত তিন মাসে ডলারের বিপরীতে ইউয়ান সামান্য শক্তিশালী হয়েছে। আর গত ১৬ বছরে ডলারের বিপরীতে ইউয়ানের দর বেড়েছে ১৭ শতাংশ। ১৯৯৪ সালে গড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে আট ইউয়ান পাওয়া যেত, যা এখন হয়েছে ৬ দশমিক ৬০ ইউয়ান। আমেরিকার দাবি, ইউয়ান ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কৃত্রিমভাবে অবমূল্যায়িত। কিন্তু চীন এ দাবি অবাস্তব বলে নাকচ করে দিয়েছে। এও বলেছে, কিছুটা দর বাড়ানো যেতে পারে, যা হবে ধীরে ধীরে।আসলে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্যবিরোধ বহুমুখী ও বহুদিনের। আর তাতে বারবারই আমেরিকা কার্যত হেরে যাচ্ছে। সে কারণেই আমেরিকার রাজনীতি ও বিদেশনীতিতে চীন একাধারে প্রয়োজনীয় ও স্পর্শকাতর বিষয়। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন (২ নভেম্বর, ২০১০) সামনে রেখে প্রেসিডেন্ট ওবামার প্রশাসন তাই চীনের সঙ্গে বিনিময় হার বিরোধ মোকাবিলার জন্য কিছু দৃশ্যমান পদক্ষেপ নিতে চাইছে। সে কারণেই মুদ্রাযুদ্ধের ছুঁতো উঠেছে। তা ছাড়া আমেরিকার নীতিনির্ধারকেরা নিজেদের বিভিন্ন পদক্ষেপের ব্যর্থতা ঢাকতেও তাঁদের বিপর্যস্ত অর্থনীতির দায় বাইরের ওপর চাপাতে চাইছেন। সে ক্ষেত্রে চীনের বাণিজ্যনীতি তাদের জন্য একটা ভালো মওকা হয়ে উঠেছে।যুক্তরাষ্ট্রের যমজ ঘাটতি: যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটা বড় সমস্যা হলো, বছরের পর বছর ধরে দেশটি যমজ ঘাটতির (টুইন ডেফিশিট) মধ্য দিয়ে যাচ্ছে। একটি হলো বাজেট ঘাটতি, অপরটি চলতি হিসাবের ঘাটতি। এখন আমেরিকার চলতি হিসাবের ঘাটতি মানে হলো, আরেক দেশের (যেমন চীনের) চলতি হিসাবের উদ্বৃত্ত। এটাই স্বাভাবিক নিয়ম। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। চলতি হিসাবের ঘাটতি মেটাতে গিয়ে আমেরিকাকে ঋণ করতে হচ্ছে বা বলা যায়, বিদেশ থেকে সঞ্চয় আমদানি করতে হচ্ছে। উল্টোদিকে চীন ও জাপানসহ বিভিন্ন দেশ এই ঘাটতি অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে এবং ডলার কিনে নিয়ে। ফলে তাদের বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে যাচ্ছে। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দুই লাখ ৮০ হাজার কোটি (২ দশমিক ৮ ট্রিলিয়ন) ডলার। এই বিরাট রিজার্ভের কারণেই চীনের পক্ষে সম্ভব হচ্ছে ইউয়ানের দরকে কার্যত স্থির করে রাখায়।এখন আমেরিকা যেভাবে চাইছে, চীন যদি সেভাবে ইউয়ানের দর বৃদ্ধি না করে, তাহলে কী করণীয়? সোজা যুক্তি হলো, আমেরিকা নিজে তার ডলারের মান কমিয়ে দেবে। এতে ইউয়ানের দর অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যাবে। কিন্তু আমেরিকার পক্ষে এককভাবে ডলারের দর কমিয়ে আনা খুব সহজ কাজ নয়।আর্থিক সংকটের জের ধরে সৃষ্ট মন্দার কারণে আমেরিকায় বেকারত্ব বেড়ে গেছে। শিল্পোৎপাদন কমে গেছে। মন্দা মোকাবিলায় রাষ্ট্রীয় ব্যয় বাড়িয়ে উদ্দীপনা বাড়ানোর চেষ্টা করেও যথেষ্ট সুফল আসেনি। এই বেকায়দা অবস্থা সামাল দেওয়ার জন্য ফেডারেল রিজার্ভ চাইছে আরেক দফা ‘কোয়ান্টিটেটিভ ইজিইং’ করতে বা দেশের বাজারে মুদ্রা সরবরাহ বাড়াতে। যখন সুদের হার এমন নিম্নপর্যায়ে নেমে আসে যে আরও কমিয়ে মানুষজনকে খরচ বাড়াতে উৎসাহিত করা সম্ভব নয়, তখন সরাসরি অর্থের জোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফেডারেল রিজার্ভ সেদিকেই যেতে চাচ্ছে। এ জন্য তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ট্রেজারি বন্ড কিনে নেবে। এতে এসব প্রতিষ্ঠানের কাছে ডলারের জোগান অনেক বেড়ে যাবে। এমনিতেই তারা এখন নামমাত্র সুদে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে অন্যত্র বিশেষত দেশের বাইরে উচ্চসুদে খাটাতে পারছে।এখন সস্তায় বিপুল পরিমাণ অর্থ পেয়ে এসব প্রতিষ্ঠান আবার যে শেয়ার ও আবাসন খাতে বিনিয়োগ শুরু করবে এবং তার ফলে চাহিদা বেড়ে মূল্য বাড়তে শুরু করবে, এটা নিশ্চিত নয়। কারণ, আমেরিকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এরই মধ্যে প্রচুর অর্থ জমে গেছে। আর তাই নতুন করে অর্থ নিয়ে তারা আমেরিকার বাইরে বিভিন্ন দেশে, বিশেষত উদীয়মান অর্থনীতির আর্থিক বাজারে বিনিয়োগ বাড়াবে। সস্তায় বিদেশি অর্থ এসব দেশের শেয়ারবাজার ও আবাসনবাজারকে যেমন স্ফীত করবে, তেমনি সৃষ্টি করবে মূল্যস্ফীতি। এ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ব্রাজিল বা থাইল্যান্ড বিদেশি পুঁজিপ্রবাহের ওপর করারোপ করেছে। আবার বাজার ডলারে সয়লাব করে দেওয়ার মাধ্যমে ডলারের মূল্যমানও কমে যাবে। এখন ডলারের দর হ্রাস পাওয়া মানে অন্য মুদ্রার দর বেড়ে যাওয়া, যা আবার অন্য দেশগুলো রুখতে চেষ্টা করবে। এভাবেই যুক্তরাষ্ট্র নিজে মুদ্রাযুদ্ধ উসকে দিচ্ছে।আবার ডলারের দর কমে ইউয়ানের দর বাড়লে তাতে যুক্তরাষ্ট্রের ভোক্তারাই অধিক ক্ষতিগ্রস্ত হবে। তাদের আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হবে। আর দেশটির শিল্পোৎপাদন খাতের যে অবস্থা, তাতে আমেরিকা থেকে শিল্পপণ্য রপ্তানি বেড়ে ডলারের দরপতনের সুযোগ কাজে লাগাবে, তেমন সম্ভাবনা ক্ষীণ। ফলে শিল্প খাতেও কর্মসংস্থান বাড়বে না।চীনের ইউয়ান-সংকট: ইউয়ান এখনো ডলার বা ইউরোর এমনকি ইয়েনের মতো বৈশ্বিক মুদ্রা হয়ে উঠতে পারেনি, পারেনি আঞ্চলিক মুদ্রা হয়ে উঠতেও। এটাই ইউয়ানের অন্যতম দুর্বলতা। আর চীনের যে বিরাট বাণিজ্য উদ্বৃত্ত, তা কোনো না কোনোভাবে বিদেশিরা ঋণ হিসেবে গ্রহণ করছে। কিন্তু তাদের আর্থিক দায়গুলো প্রায় পুরোটাই রক্ষিত হচ্ছে ডলারের হিসাবে, ইউয়ানের হিসাবে নয়। যদি ইউয়ানের দর বাড়তে থাকে, তাহলে তারা ইউয়ানের দিকে আরও ঝুঁকবে না।এখন পিপলস ব্যাংক অব চায়না (চীনের কেন্দ্রীয় ব্যাংক) যদি বৈদেশিক মুদ্রার বাজার থেকে নিজেকে গুটিয়ে নেয় বা ডলার-ইউয়ান বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার কেনা বন্ধ করে দেয়, তাহলে চীনের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে বাণিজ্য উদ্বৃত্ত অর্থায়ন করার জন্য বা ডলার কিনতে। সে ক্ষেত্রে উদ্বৃত্তপত্রে (ব্যালান্স শিট) সম্পদের খাতে ডলারের অঙ্ক বেড়ে যাবে, যদিও দায়ের খাতে থাকবে ইউয়ান। এ অবস্থায় ডলারের দরপতন ঘটলে বা ইউয়ানের দর বাড়লে এসব প্রতিষ্ঠান লোকসানের ঝুঁকির মুখে পড়বে। সুতরাং, যদি পুরোপুরি বাজারভিত্তিক ডলার-ইউয়ান বিনিময় হার চালু হয়, তাহলে লোকসানের ঝুঁকি বিবেচনায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডলার কিনে মজুদ করবে না। আবার কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ না থাকলে ইউয়ানের দর ক্রমেই বাড়তে থাকবে। যৌক্তিক কারণেই পিপলস ব্যাংক হাত গুটিয়ে বসে থাকবে না। বিনিময় হার স্থিতিশীল রাখতে অনিবার্যভাবেই তাকে হস্তক্ষেপ করতে হবে। তার মানে, ঘুরেফিরে আবার সেই আগের জায়গায়ই আসতে হচ্ছে।তাহলে কী: মুদ্রাযুদ্ধ স্বর্ণের দরকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন অনেকে। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণ কিনেছে নিজেদের রিজার্ভে যোগ করার জন্য। তাই তাদের কিছু পরিমাণ ডলার বা ইউরো ছেড়ে দিতে হয়েছে। সে ক্ষেত্রে এসব মুদ্রার মানও খানিকটা দুর্বল হতে পারে। আবার মুদ্রাযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ব শেয়ারবাজারে এবং সার্বিকভাবে আর্থিক বাজারে। পরিণতিতে এই যুদ্ধে শেষ পর্যন্ত হয়তো কেউই জিততে পারবে না। তার চেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু হলেও শেষ করা কঠিন। তাই যারা শুরু করেছে, তারাই বেশি বিপদে পড়বে। [সূত্র: দ্য হিন্দু, ফাইন্যান্সিয়াল টাইমস ও কাউন্টারপাঞ্চ]