
বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতির এক মিশ্র প্রদর্শনী হচ্ছে এক ছাদের নিচে। তিন দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বুধবার থেকে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)।
‘১৫তম আন্তর্জাতিক টেক্সটেক’ মূল প্রদর্শনী হলেও পাশাপাশি রয়েছে ‘আন্তর্জাতিক টেক্সটাইল অ্যাপারেল, অষ্টম ঢাকা ইয়ার্ন ও ফেব্রিক, ১৮তম ডাইকেম’ প্রদর্শনী।
বেসরকারি প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) এই প্রদর্শনীর আয়োজন করেছে। বুধবার দুপুরে এটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রদর্শনীতে অংশ নিচ্ছে বিশ্বের ১৫টির বেশি দেশের পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। তাদেরই একটি যুক্তরাজ্যের এল জে স্পেশালিটিজ। এটি তৈরি পোশাকশিল্পের কাপড়ের মান ও রং যাচাইয়ের যন্ত্রপাতি তৈরি ও বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক অ্যান্ডি লি জানান, তৃতীয়বারের মতো তাঁরা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
পুরান ঢাকা থেকে প্রদর্শনীতে এসেছিলেন ফয়সাল গণি। হাসপাতাল, ওষুধ কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পোশাক সরবরাহ করেন তিনি। আলাপকালে তিনি বলেন, ‘আমি যা দেখতে এসেছি তার সবই পেয়েছি তবে দামটা বেশি মনে হচ্ছে এখানে।’
বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রহিম আফরোজ, পান্না ইলেকট্রনিকস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রভৃতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকিএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
উদ্বোধনী দিন বিকেলে একই স্থানে তৈরি পোশাক খাতের নানা সমস্যা ও সংকট উত্তরণে ‘টেক্স অ্যাপ ২০১৪’ শিরোনামে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এটি যৌথভাবে আয়োজন করে সেমস ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
আগামীকাল শুক্রবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।