উৎপাদন ও আমদানির অন্তর্বিরোধ শুল্কহার পরিবর্তনের বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় উৎপাদক তথা স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে হবে। আবার ভোক্তার জন্য সহজলভ্য করতে পণ্য আমদানি ও বিক্রয়ে বাধা সরিয়ে নিতে হবে। প্রতিবছর বাজেটের সময় যত ঘনিয়ে আসে, ততই এই দুই দাবি জোরালো হতে থাকে। এর মধ্য থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা নীতিনির্ধারকদের জন্য কষ্টসাধ্যই হয়ে দাঁড়ায়। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে ব্যবসায়ী-শিল্পপতিদের সংগঠনগুলোর কাছ থেকে এ রকম দাবিদাওয়া ইতিমধ্যেই উত্থাপন করা হয়েছে। তবে এসব দাবির সমর্থনে যেসব যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, তা কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করেছে। রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভিত্তিক গবেষণা ও শক্তিশালী তথ্যভান্ডার না থাকায় অনেক তথ্য-উপাত্তের সঠিকতা যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। বরং উৎপাদক ও ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে এ ধরনের ভিন্ন ভিন্ন তথ্যে সরকারের নীতিনির্ধারকেরা ভুল বার্তা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনও (এফবিসিসিআই) এই সমস্যা স্বীকার করেছে।দেশের ইলেকট্রিক্যাল খাতের বিষয়টিই ধরা যাক। বৈদ্যুতিক তার উৎপাদনে ১০ বছর ধরে বাংলাদেশ বলতে গেলে স্বয়ংসম্পূর্ণ। এ ছাড়া ফ্যানের চাহিদার ৮৫ শতাংশ, সুইচ-সকেট ৮০ শতাংশ, ইলেকট্রিক্যাল ব্যালাস্ট ৭০ শতাংশ এবং লাইট ফিটিংসের অনেকাংশ দেশি কোম্পানিগুলোই উৎপাদন করছে। এসব তথ্য দিয়ে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) আমদানিকৃত বৈদ্যুতিক বিভিন্ন পণ্যের ওপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপের দাবি জানিয়েছে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এটি প্রয়োজন বলে মনে করছে এই সমিতি।তবে দেশীয় উৎপাদকদের এসব তথ্য ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করছে ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন (বিইএ)। এই সমিতি বলছে, বৈদ্যুতিক তারের সবটুকু ও সিলিং ফ্যানের ৬০ শতাংশ দেশীয় উৎপাদকেরা জোগান দিলেও অন্য সব ইলেকট্রিক পণ্যের চাহিদার ৫ শতাংশও মেটাতে পারছেন না তাঁরা। ফলে এসব পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা কিছুতেই ঠিক হবে না।বিইএর চেয়ারম্যান মীর নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেশীয় শিল্পের বিকাশ হোক, এটা আমরাও চাই। কিন্তু এখনো তাঁরা চাহিদার ৫ শতাংশও মেটাতে পারছেন না বলেই আমদানি করতে হয়।’ তিনি আরও বলেন, শুল্ক যত বাড়ানোই হোক না কেন, চাহিদা পূরণ করতে আমদানি করতেই হবে। সে ক্ষেত্রে অবৈধ পথে পণ্য আসার আশঙ্কা বেড়ে যাবে। এ ক্ষেত্রে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। রাজস্ব হারাবে।অবশ্য বিইএমএমএর সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘বাস্তব তথ্য-উপাত্তের ভিত্তিতেই আমরা প্রস্তাব দিয়েছি। এ ছাড়া আলোকপাত করা যেতে পারে যানবাহনের টায়ার-টিউবের ওপর।’ বাংলাদেশ টায়ার টিউব প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএমইএ) তথ্যানুযায়ী, বেবিট্যাক্সি, মোটরসাইকেল ও হালকা বাণিজ্যিক যানবাহনে ব্যবহূত মানসম্মত টায়ার টিউব এখন দেশে তৈরি হচ্ছে। ভারী যানবাহনের টায়ার টিউবের উৎপাদন শিগগিরই শুরু হবে। এই অবস্থায় দেশীয় শিল্পের স্বার্থ-সংরক্ষণে এসব পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এর মধ্যে শুল্ক ফাঁকি প্রতিরোধে টায়ার টিউব আমদানির ক্ষেত্রে ইউনিটের পরিবর্তে কেজি হিসেবে শুল্ক নির্ধারণের বিষয়টি উল্লেখযোগ্য।তবে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, দেশীয় উৎপাদকেরা কয়েকটি নির্দিষ্ট যানের টায়ার টিউব তৈরি করেন। কিন্তু এর বাইরেও মাসে প্রায় ৮০ হাজার টায়ার বা চাকা আমদানি করতে হয়। টায়ার টিউব আমদানির ক্ষেত্রে ইউনিটের পরিবর্তে কেজিতে শুল্ক নির্ধারণের প্রস্তাবের বিরোধিতা করে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিত চিঠি দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম।সমিতির একজন সদস্য মো. মুজাহিদ প্রথম আলোকে বলেন, দেশীয় উৎপাদকেরা যে টায়ার টিউব তৈরি করেন, তা চাহিদার মাত্র ২ থেকে ৩ শতাংশ পূরণ করে। তাই এখনই আমদানি নিরুৎসাহিত করতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা বিপজ্জনক হবে।ইদানীং দেশে ফ্রিজ ও এয়ারকন্ডিশন আমদানি নিয়েও বড় ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিকস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিইএমএ) নেতারা বলছেন, সরকার বিলাসদ্রব্য হিসেবে আমদানিকৃত ফ্রিজের ওপর ১৩৬ শতাংশ হারে শুল্কারোপ করেছে। কিন্তু দেশে ফ্রিজ তৈরি করলে শুল্ক দিতে হয় মাত্র ১৪ শতাংশ। ফলে বিরাট এক শুল্ক পার্থক্য (১২২ শতাংশ) দেখা দিয়েছে। নেতারা আরও বলছেন, ফ্রিজ এখন আর বিলাসপণ্য নয়। সব শ্রেণীর মানুষের ঘরেই এখন ফ্রিজ রয়েছে। আর দেশে সংযোজিত ও প্রস্তুতকৃত ফ্রিজ চাহিদার পুরোটা মেটাতে সক্ষম নয়। একইভাবে আমদানি করা এসিতে ১৮৯ দশমিক ৬৪ শতাংশ শুল্কারোপ করা হলেও দেশে উৎপাদিত ফ্রিজে শুল্কের পরিমাণ ১৪ শতাংশ। এখানেও শুল্ক পার্থক্য ১৭৫ দশমিক ৬৪ শতাংশ। এ প্রসঙ্গে বিইএমএর সভাপতি আমির হোসেন খান বলেন, আমদানিকৃত এসি বিলাসপণ্য হলে দেশে তৈরি এসিও বিলাসপণ্য। তাই এত শুল্কপার্থক্য গ্রহণযোগ্য নয়।অবশ্য রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমানের দাবি, দেশে উৎপাদন করার পাশাপাশি ১৯টি দেশে রপ্তানি করা হচ্ছে। অভিমত: যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উৎপাদক ও আমদানিকারকদের এই অন্তর্বিরোধ প্রায় সব দেশেই আছে। শুল্ক কমাও, শুল্ক বাড়াও—এই হলো তাদের দাবি। তবে আমরা মনে করি, দেশীয় পণ্য ও আমদানিকৃত পণ্য—এ দুয়ের মধ্যে শুল্কহারে পার্থক্য যেন সর্বোচ্চ ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ থাকে। অল্প পুঁজিতে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এমন ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক পার্থক্য থাকলেও পর্যায়ক্রমে যেন তা ৩০ শতাংশে নামিয়ে আনা যায়।’মনজুর আহমেদ মনে করেন, দেশীয় শিল্পকে যেমন রক্ষা করতে হবে, তেমনি দেখতে হবে ভোক্তার স্বার্থের দিকও। আর সে কারণেই আমদানির প্রশ্নটি আসে। তাঁর মতে, যেকোনোভাবেই হোক, একচেটিয়া বাজার রোধ করতে হবে। সে জন্য দরকার সমন্বয়। সেই সমন্বয়ের জন্যই এবার উভয় পক্ষের সঙ্গে এফবিসিসিআই বৈঠক করেছে বলে জানান তিনি।