দেশে একদিকে চায়ের উৎপাদন বাড়ছে, অন্যদিকে বাড়ছে চায়ের আমদানি। চায়ের ভোগও বাড়ছে দেশে। কিন্তু একসময়ের প্রধান অর্থকরী ফসল চায়ের রপ্তানি দুই যুগ ধরে শুধু কমছেই।
বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। চা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নব্বইয়ের দশকে চা রপ্তানিকারক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। এখন সেখানে কোনো অবস্থানই নেই।
সচিবালয়ে গতকাল রোববার চা প্রদর্শনী ২০১৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অবশ্য এর একটি ব্যাখ্যা দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে যে পরিমাণ চায়ের উৎপাদন হচ্ছে, মানুষ না খেলে তা রপ্তানি করা যেত।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মানুষের উন্নতি হচ্ছে। গ্রামগুলোও আগের অবস্থায় নেই, শহরে রূপান্তরিত হচ্ছে। প্রত্যেকেই এখন চা খায়। দোকানে বসে পায়ের ওপর পা রেখে চা খাওয়া একটি স্বাভাবিক চিত্র। আজ সকালে নাশতা সেরে আমিও এক কাপ চা খেয়ে এলাম।’
চা বোর্ডের তথ্য বলছে, ১৯৯০ সালে চায়ের উৎপাদন ছিল ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার কেজি এবং অভ্যন্তরীণ ভোগ ছিল ১ কোটি ৪২ লাখ ১০ হাজার কেজি। আর ২০১৫ সালে চা উৎপাদন ছিল ৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার কেজি এবং অভ্যন্তরীণ ভোগ ছিল ৬ কোটি ৫০ লাখ কেজি।
এদিকে চা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের তথ্যমতে, ২০০৯-১৩ পর্যন্ত পাঁচ বছরে দেশে ২ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার কেজি চা আমদানি হয়েছে।
আবার চা বোর্ডের হিসাবে ১৯৯০ থেকে ২০১৩ পর্যন্ত এমন কোনো বছর নেই, যেখানে আগেরবারের তুলনায় চা রপ্তানি কমেনি। চা রপ্তানিতে ১৯৯০ সালে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল ১৫৬ কোটি ৫৭ লাখ টাকা, ২০১৩ সালে আয় হয় ১৩ কোটি ৩০ লাখ টাকা।
সিলেটের মালনিছড়া চা-বাগানের মাধ্যমে ১৮৫৪ সালে দেশে চা চাষ শুরু হয়। দেশে বর্তমানে ১৬৩টি চা-বাগান রয়েছে। সবচেয়ে বেশি—৯০টি বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
চা বোর্ডের হিসাবে বিশ্বে চা উৎপাদনের পরিমাণ ৪৬২ কোটি ৫০ লাখ কেজি। এর মধ্যে চীন একাই উৎপাদন করে ১৭৯ কোটি কেজি। এরপর ভারত ১১২ কোটি ৬০ লাখ, কেনিয়া ৩৭ কোটি এবং শ্রীলঙ্কা ৩২ কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদন করে। তুরস্ক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান ও আর্জেন্টিনার পর বাংলাদেশের অবস্থান দশম।
বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশে চা উৎপাদিত হয় এবং বিশ্ববাসী দিনে ৩০০ কোটি কাপ চা পান করেন বলে চা বোর্ডের একটি হিসাব রয়েছে। চায়ের শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে কেনিয়া, শ্রীলঙ্কা, চীন, ভারত ও ভিয়েতনাম।
জানুয়ারিতে চা প্রদর্শনী: চা বোর্ডের আয়োজনে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি তিন দিনব্যাপী ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে এবং প্রবেশমূল্য ছাড়া যে কেউ প্রদর্শনীতে যেতে পারবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বড় চা উৎপাদনকারী হলেও রপ্তানি বেশি করে শ্রীলঙ্কা। কারণ, ভারতের নিজের ভোগই বেশি। বাংলাদেশেরও তাই।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, এ বছর চা উৎপাদন ৮ কোটি কেজি ছাড়িয়ে যাবে আর ২০২১ সালের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ কোটি কেজি।
চা সংসদের সভাপতি আরদাশীর কবির বলেন, চা-শিল্প একটু ব্যতিক্রম, পোশাক বা বস্ত্রশিল্পের মতো না। এই শিল্পে শ্রমিকদের রেশনে চাল দেওয়া হয় ২ টাকা কেজি দরে।