উৎপাদন ও সরবরাহ চলছে, ক্রয় আদেশ ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল, অবরোধ ও সহিংসতায় তৈরি পোশাক ও চামড়াসহ রপ্তানি পণ্য সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) নষ্ট হয়নি। উৎপাদনও পুরোদমে চলছে। তবে বহির্বিশ্ব থেকে ক্রয় আদেশ পাওয়ার বিষয়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কজেইয়ার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ মার্চ ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। এ ছাড়া চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির নেতারাও মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, খুব শিগগির দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিএনপি-জামায়াতের ডাকা কোনো কর্মসূচি সফল হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। আজ আমি ট্রাফিক জ্যামে পড়েছি। তবে মাঝেমধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হচ্ছে।’
বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদন ও সরবরাহ কমেনি—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশি ক্রেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, ‘সন্তান মারা যাওয়ার পর আপনার চোখে পানি দেখেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আপনি তাঁর বুকে হাত রাখতে পেরেছেন। কিন্তু আগুনে পুড়ে যাদের মৃত্যু হচ্ছে, তাদের সন্তান বা স্বজনেরা বাবার দগ্ধ বুকে হাত দিতে পারছে না। সন্তান তার বাবার ঝলসে যাওয়া মুখে আদর করতে পারছে না।’
মন্ত্রী বলেন, এ ধরনের নাশকতা ও মানবতাবিরোধী অপরাধ করে বিএনপি কোনো দিন দাবি আদায় করতে পারবে না। সন্ত্রাস করে দাবি আদায় করা গেলে লাদেন ও তাঁর সংগঠন আল-কায়েদা সারা দুনিয়া দখল করে ফেলত। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো করতে প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এ ধরনের নাশকতা করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে বিএনপি-জামায়াতের এই নাশকতার পথ পরিহার করা। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নাশকতার মাধ্যমে উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি।