উৎপাদন খরচ কেজিপ্রতি ২৯৯ টাকা, বিক্রি ৬০
পাবনা চিনিকল কার্যালয়ের সামনে জটলা করছিলেন শ্রমিক-কর্মচারীরা। বেতন-ভাতার জন্য। কারখানা বন্ধ হয়েছে জানুয়ারির মাঝামাঝি। ফটকও বন্ধ। গুদামে জমে আছে ৪ হাজার ১৯০ মেট্রিক টন চিনি। এই চিনি উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ২৯৯ টাকা। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দর ৬০ টাকায়। কারখানা চালাতে সরকারের প্রতিবছর ভর্তুকি লাগে প্রায় ৩৭ কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিনিকলটির এই মর মর দশা ঘুচিয়ে দিতে পারে একে বহুমুখী ব্যবহারের উপযোগী করার সিদ্ধান্ত।
পাবনা চিনিকলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। কলের মহাব্যবস্থাপক প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন ১০ মে বললেন, পুরো ক্ষমতায় উৎপাদনে গেলে বছরে অন্তত চার থেকে পাঁচ মাস চিনিকলে আখমাড়াই করতে হবে। তাহলে ভর্তুকি দিতে হবে না। সে জন্য ন্যূনতম ১২ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার একর জমিতে আখ চাষের দরকার। কিন্তু ইদানীং পাবনার আশপাশে এত জমিতে আর আখ চাষ হয় না।
পাবনা চিনিকলের প্রতিষ্ঠা ১৯৯৬ সালে। পরের বছর উৎপাদন শুরু। পাবনা-ঈশ্বরদী সড়ক ঘেঁষে দাশুড়িয়ায় ৬০ একর জায়গা নিয়ে এই চিনিকল। এর নিজস্ব কোনো চাষের জমি, খামার বা অন্য কোনো জায়গা নেই। দেশের মোট ১৫টি চিনিকলের বাকি ১৪টিতেই আখ চাষের জন্য বিপুল নিজস্ব জমি বা খামার রয়েছে। পাবনা অঞ্চলে একসময় যথেষ্ট আখ চাষ হতো। তার ওপর নির্ভর করেই দাশুড়িয়ায় নিজস্ব জমি ছাড়াই চিনিকলটি প্রতিষ্ঠা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বিগত বছরগুলোয় পাবনা অঞ্চলের চাষাবাদে বেশ পরিবর্তন ঘটেছে। আখ সারা বছরের একমাত্র ফসল। এর চেয়ে বছরে একাধিকবার নানা জাতের সবজি চাষ বা ফলের বাগানে লাভ অনেকে বেশি। উপরন্তু মিলে আখ দিলে দাম পেতেও অনেক ঝক্কি-ঝামেলায় পড়তে হয়েছে চাষিদের। অনেক সময় দাম বকেয়া থেকেছে। এসব কারণে আখ চাষ ছেড়ে চাষিরা সবজি চাষ ও ফলের বাগানের দিকে ঝুঁকেছেন। তাই চিনিকলে আখের সরবরাহ প্রতিবছরই কমছে।
মহাব্যবস্থাপক জানালেন, গত মৌসুমে ৪ হাজার ১১৫ একর জামিতে আখ চাষ হয়েছিল। চলতি মৌসুমে হয়েছে ৩ হাজার ৬০১ একরে। এরও পুরোটা তাঁরা পান না। গত বছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২৫০ মেট্রিক টন, উৎপাদন হয়েছিল ২ হাজার ১৪৬ মেট্রিক টন। এ মৌসুমে লক্ষ্যমাত্রা ৫ হাজার ৭৫ মেট্রিক টন। আখের সরবরাহ কম থাকায় উৎপাদন গত বছরের চেয়েও কম হবে। এ মৌসুমে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাত্র ৩৯ দিন তাঁরা কল চালু রাখতে পেরেছেন। অথচ সারা বছর কলের পরিচর্যা, কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় চালিয়ে যেতে হয়। এ জন্যই চিনির উৎপাদন খরচ প্রতিবছর বেড়েই যাচ্ছে। উৎপাদিত চিনি গুদামে জমা রাখা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক এই চিনি বাজারে ছাড়া হয়।
পাবনা চিনিকলে স্থায়ী ও মৌসুমি মিলিয়ে কর্মচারী ৮৭২ জন। শুধু বেতনই দিতে হয় মাসে ৯০ লাখ টাকার ওপর।
আখের ওপর ভরসা করে পাবনা চিনিকল যে আর চলবে না, তা প্রায় নিশ্চিত। কাঁচামাল হিসেবে বিকল্প উৎসের কথা ভাবতে হবে। এ ছাড়া এত বড় কলটিকে সারা বছর ফেলে না রেখে বহুমুখী ব্যবহার করার উদ্যোগ নিতে হবে। তাতে অন্তত বছর বছর কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া থেকেও রেহাই পাওয়া যাবে বলে চিনিকল-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, এই চিনিকলে যে দুটি বয়লার আছে, তা থেকে অনায়াসে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। একটু উন্নয়ন করলে তিন মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানো যাবে। এ ছাড়া এই কলে আমদানি করা অশোধিত চিনি পরিশোধন করা যেতে পারে। সে ব্যবস্থা হলে সেখান থেকেও একটা ভালো অঙ্কের আয় আসবে। কারখানাটির আরও বহুমুখী ব্যবহার হতে পারে। এখানে আর্টিলারি চালু করলে ভিনেগারসহ বিভিন্ন উপজাত উৎপাদন করা যাবে। এসব উৎস থেকে যে আয় হবে, তাতে চিনিকলটির লাভজনক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব হলো উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। সেই সিদ্ধান্ত বাঁচিয়ে তুলতে পারে মুমূর্ষু চিনিকলটিকে।