উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) শিল্পোৎপাদন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। শুধু উন্নত নয়, উন্নয়নশীল দেশ থেকেও এই খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চলমান ‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি ৪’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে ‘দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণ’ শীর্ষক প্রথম কর্ম-অধিবেশনে স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা এই অভিমত দেন। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্যারিসভিত্তিক ওসিইডি ডেভেলপমেন্ট সেন্টার যৌথভাবে এই সংলাপের আয়োজন করছে।প্রতিনিধিরা বলেন, উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো গেলে এলডিসিতে কর্মসংস্থান ও সেখান থেকে রপ্তানি আয় বাড়বে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। বর্তমানে এলডিসিগুলোতে প্রাকৃতিক ও খনিজ সম্পদ খাতে তুলনামূলক বেশি বিনিয়োগ হচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা আরও জানান, বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে অবকাঠামো খাতে দেশজ বা নিজস্ব বিনিয়োগ বাড়াতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর প্রবাসী নাগরিকদেরও বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। এই কর্ম-অধিবেশনে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নত দেশগুলোয় বিনিয়োগ বাড়াতে হলে এর অগ্রাধিকার খাতগুলো কিছুটা পরিবর্তন করতে হবে। এত দিন খনিজ সম্পদ খাতে বেশি বিনিয়োগ হয়েছে। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে হবে। এ জন্য দেশজ বিনিয়োগ উৎসাহিত করে বিদেশি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। তাই দরকার একটি কৌশলগত শিল্পনীতি। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসিসমূহে বিনিয়োগ বৃদ্ধিতে একটি বৈশ্বিক তহবিল তৈরি করা যায় কি না, সে বিষয়ে ইস্তাম্বুল সম্মেলনে সুপারিশ রাখার চিন্তা করতে হবে। তিনি জানান, এই মুহূর্ত বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত। এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর নিজস্ব বিনিয়োগ না বাড়ালে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন বলে তিনি অভিমত দেন।প্রায় একই অভিমত দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। তিনি জানান, কারিগরি শিক্ষা, সামাজিক ও অবকাঠামো উন্নয়ন করতে না পারলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে না। এসব জায়গায় স্বল্পোন্নত দেশগুলোর দুর্বলতা রয়েছে। সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, উন্নত দেশগুলোর কাছে যেকোনো প্রতিশ্রুতি আদায়ে এলডিসিগুলোর রাজনৈতিক সদিচ্ছার দরকার। এই সংলাপ থেকে যেসব সুপারিশ আসবে, তা ইস্তাম্বুল সম্মেলনে পাঠানোর আগে নিজ নিজ দেশের সরকারের কাছে তুলে ধরতে হবে। তানজানিয়ার প্রতিনিধি হোসেনা বোহেলা লুনোগেলো বলেন, এলডিসির উন্নয়ন পরিকল্পনা কী, সেটা আগে নির্ধারণ করা দরকার। এ জন্য সব এলডিসির সমন্বয়ে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার, যেখান থেকে এসব পরিকল্পনা নির্ধারণ করা যায়। এই অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরই) জ্যেষ্ঠ রিসার্চ স্টাফ ডেভিড লেভর্ড প্রমুখ। এই কর্ম-অধিবেশনে সঞ্চালকের ভূমিকা পালন করেন ইস্তাম্বুলের গ্যালাটেসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহমেত আর্দা। প্রযুক্তি সুবিধা: ‘প্রযুক্তি সুবিধা’ শীর্ষক দিনের দ্বিতীয় কর্ম-অধিবেশনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে কোন দেশের কী ধরনের প্রযুক্তি দরকার, সেটা নির্ধারণের ওপর জোর দিয়েছেন প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোর একেক দেশের অগ্রাধিকার খাত একেক রকম। তাই প্রযুক্তির ব্যবহারও ভিন্ন হবে। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী এই কর্ম-অধিবেশনে সঞ্চালকের ভূমিকা পালন করেন। বক্তারা বলেন, প্রযুক্তির সংজ্ঞা নিয়ে এখনো অস্বচ্ছতা রয়েছে। এ ছাড়া কোন দেশের কী ধরনের প্রযুক্তি দরকার সেটাও নির্ধারণ করা হয়নি। তাঁরা আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব চুক্তি অনুযায়ী, উন্নত দেশগুলো কী পরিমাণ প্রযুক্তি এলডিসিতে হস্তান্তর করেছে, তা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যালোচনার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নত দেশই তা করেনি। তাছাড়া মেধাস্বত্ব আইন বাস্তবায়নের জন্য স্বল্পোন্নত দেশগুলোকে ২০১৬ সাল পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। কিন্তু এ দেশগুলো এখনো প্রস্তুত নয়। এই সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তাঁরা। এই অধিবেশনে প্রযুক্তি বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এলডিসিগুলো কোন খাতকে প্রাধান্য দেবে, তা নির্ধারণ করা উচিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। ইথিপিওয়ার প্রতিনিধি সেইড নুরু আলী বলেন, উন্নত দেশ থেকে প্রযুক্তি হস্তান্তরের বড় মাধ্যম হলো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। এ ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারে উন্নত শিক্ষার প্রয়োজন রয়েছে। এলডিসিতে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে।