উৎপাদন খাতে ব্যাংক ঋণ বাড়ানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিলি ব্যাংকগুলোকে উৎপাদনশীল খাতে ঋণ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভোক্তাঋণ খাতে প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের গড় ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বিভিন্ন ব্যাংকের ভোক্তাঋণ খাতে ঋণের প্রবাহ বেড়েছে। অনুৎপাদনশীল খাতে ঋণ বাড়ায় উৎপাদনশীল খাতে ঋণ কমছে। দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো প্রয়োজন মনে করে কেন্দ্রীয় ব্যাংক।সূত্র জানায়, অনুৎপাদনশীল খাত বিশেষ করে ভোক্তাঋণে ব্যাংক নিজেদের ইচ্ছামতো সুদ নিতে পারে। কিন্তু উৎপাদনশীল খাতে সুদহার বেঁধে দেওয়া রয়েছে এবং তা সাড়ে ১৫ শতাংশ পর্যন্ত। এ কারণে বেশি সুদের আসায় ব্যাংকগুলো সাম্প্রতিক সময়ে ভোক্তাঋণের দিকে ঝুঁকছে।গত বছরের হিসাবে দেখা গেছে, দেশের ব্যাংক খাতে ঋণের প্রবৃদ্ধি ১৫ দশমিক ০৭ শতাংশ। কিন্তু ভোক্তাঋণ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ।এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অনুৎপাদনশীল তথা ভোক্তাঋণ খাতে ঋণপ্রবাহ কমিয়ে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির নির্দেশ দিয়েছে।