সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরে কোরবানির পশুর চামড়া পুরোদমে প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। সেখানে ৯২টি ট্যানারি হাজারীবাগের চেয়ে বেশি সক্ষমতা নিয়ে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ ও পানির সমস্যা তেমন একটা নেই। গ্যাস-সংযোগও পাচ্ছে ট্যানারিগুলো। কিন্তু বর্জ্য ও রাস্তাঘাট নিয়ে বিপাকে পড়েছেন ট্যানারির মালিক ও শ্রমিকেরা।
চামড়াশিল্প নগরের প্রায় ৮৭ হাজার বর্গমিটার রাস্তার প্রায় পুরোটাই চলাচলের অনুপযোগী। কঠিন বর্জ্য ফেলার জন্য ভাগাড় নির্মিত না হওয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাখা পাঁচ একর জমিতে উচ্ছিষ্ট ফেলে ভরে ফেলেছে ট্যানারিগুলো। ফলে হাজারীবাগের মতো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। ট্যানারির মালিকদের দুই সমিতি বলছে, রাস্তাঘাট ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হলে ক্রেতাদের সেখানে নেওয়া যাবে না।
১৯৫১ সালে নারায়ণগঞ্জ থেকে ট্যানারিগুলোকে হাজারীবাগে আনার পর এই প্রথম কোরবানির চামড়া সেখানে প্রক্রিয়া করা হয়নি। এর বদলে প্রক্রিয়া করা হচ্ছে সাভারে, যেখানে ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে চামড়াশিল্প নগর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিল্পনগরটিতে জমি পেয়েছে ১৫৪টি ট্যানারি। এর মধ্যে বড় ট্যানারিগুলো সাভারে উৎপাদন চালাচ্ছে।
চামড়াশিল্প নগরে ৮ অক্টোবর গিয়ে দেখা যায়, উৎপাদন শুরু করা প্রতিটি ট্যানারিতে লবণযুক্ত কাঁচা চামড়া স্তূপ করে রাখা হয়েছে। শ্রমিকেরা প্রক্রিয়াকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু করার কাজ করছেন। সেখান থেকে উৎপাদিত কঠিন বর্জ্য ঠেলাগাড়ি ও পাওয়ার টিলার দিয়ে তৈরি ছোট গাড়িতে করে বিদ্যুৎকেন্দ্রের জন্য রাখা জমিতে ফেলা হচ্ছে। ওই জমিতে তৈরি হওয়া আস্তাকুঁড় ভরে যাওয়ায় বর্তমানে বর্জ্য রাস্তার ওপরও ফেলছেন অনেকে।

ট্যানারিতে উৎপাদিত তরল বর্জ্য সরবরাহ লাইন উপচে অনেক জায়গায় রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে রাস্তায় শ্রমিকেরা চলাচল করতে পারছেন না। বৃষ্টির পানিনিষ্কাশনের ড্রেনগুলো মাটি, বালু ও বর্জ্য ভরে আছে। অনেক জায়গায় পড়ে আছে কঠিন বর্জ্য। চামড়াশিল্প নগরের ভেতরের দোকানি আসাদুল হাবিব বলেন, ঈদের পর ট্যানারিগুলো চালু হওয়ার পর থেকে এই অবস্থা চলছে। মাঝে মাঝে তরল বর্জ্যে রাস্তাঘাট ডুবে একাকার হয়ে যায়।
শিল্পনগরে চামড়া প্রক্রিয়াকরণ চলছিল জেএ লেদার কমপ্লেক্সে। এ ট্যানারির কর্মচারীরা জানান, ঈদের পর চামড়ার চাপ বেশি থাকায় ২৪ ঘণ্টা উৎপাদন চলছে। দিনে কিছু সময় বিদ্যুৎ থাকে না।
শিল্পসচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, কঠিন বর্জ্য আমিন বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লা ফেলার জায়গায় ফেলা হবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, কঠিন বর্জ্যে রাসায়নিকের মাত্রা সহনীয় থাকবে, এমন একটি সনদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। সিটি করপোরেশন প্রতি টন বর্জ্য ১ হাজার টাকা করে পরিবহন ব্যয় চাইছে, যা দেওয়া হবে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, চামড়াশিল্প নগরে উৎপাদন চালাতে বিশেষ কোনো সমস্যা হচ্ছে না। গ্যাস-সংযোগ সমস্যাটিরও সমাধান হচ্ছে। দ্রুত রাস্তাঘাট মেরামত করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘নইলে ক্রেতাদের আমরা সেখানে নিয়ে যেতে পারব না। বর্ষা শেষ, রাস্তা ও ড্রেনগুলো এখনই মেরামত শুরু করা উচিত।’