উৎপাদনে প্রবৃদ্ধি অর্জন করতে বেসরকারি খাতের ভূমিকাকেই প্রাধান্য দিতে হবে। বেসরকারি খাতের উন্নয়ন হলে শ্রমশক্তির আকার ও দক্ষতা বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে।
শ্রমবাজার ও প্রবৃদ্ধি শীর্ষক কর্মশালায় গতকাল সোমবার বক্তারা এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এ কর্মশালার আয়োজন করে। মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় দুটি অধিবেশন হয়। বিআইজিডি শ্রমবাজার নিয়ে একটি গবেষণা করার উদ্যোগ নিয়েছে। সে জন্য বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও মতামত নিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি শিল্পসচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, মজুরি বেশি হওয়ায় মালয়েশিয়া, চীন, থাইল্যান্ডের শিল্পকারখানা অন্য দেশে স্থানান্তরিত হচ্ছে। এসব বিনিয়োগ আনতে পারলে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
সরকার আর কোনো রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেবে না বলে জানান সচিব। তিনি বলেন, ২০০৯ সাল পর্যন্ত ৭৭টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এগুলোর বেশির ভাগই এখন উৎপাদনে নেই।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব বলেন, জনগণকে জনসম্পদে পরিণত করতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, মেধাবী প্রবাসী বাংলাদেশিদের দেশে এনে শিল্পোন্নয়নে কাজে লাগানো যেতে পারে। বিদেশের জাহাজনির্মাণ শিল্পে অনেক প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী রয়েছেন। তাঁদের দেশে এনে কাজে লাগানো যায়।
পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খানের মতে, বাংলাদেশে এখন জনসংখ্যা বোনাসের যুগ চলছে। এর ফলে বিপুলসংখ্যক তরুণ-তরুণী শ্রমশক্তিতে যুক্ত হচ্ছেন। এ যুবশক্তিকে কাজে লাগাতে হবে। তিনি উদাহরণ দেন, চীন থেকে বিভিন্ন দেশে শিল্পকারখানা স্থানান্তরিত হচ্ছে। এতে আট কোটি লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশে সেই বিনিয়োগ আনতে পারলে কর্মসংস্থান আরও বাড়বে।
দ্বিতীয় কর্ম-অধিবেশনে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের আমলাভয়াল চারি বেসরকারীকরণ ও উৎপাদন প্রবৃদ্ধি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বাংলাদেশ ও ভারতের বেসরকারীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
তবে এ প্রবন্ধের উপস্থাপনার সঙ্গে দ্বিমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রায়হান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক নাজনীন আহমেদ। তাঁরা মনে করেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিয়ে খুব বেশি লাভ হবে না।
সকালের অধিবেশনে শ্রমবাজার, কারখানার কর্মপরিবেশ, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান শিল্পকারখানায় কর্মপরিবেশ উন্নত করার ওপর জোর দেন। তাঁর সঙ্গে একমত প্রকাশ করে শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, ‘নারীর নিরাপত্তা, সুবিধা, মজুরি—এসব বিষয়ে দর-কষাকষি কতটা করতে পারছি, আর কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটা দেখতে হবে।’
এই অধিবেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এ সাত্তার মণ্ডল, বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান, বিআইজিডির প্রধান গবেষক সিমিন মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। দুটি কর্ম-অধিবেশনেই সভাপতিত্ব করেন বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।