উৎপাদন বাড়াতে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি, শিল্প, সেবা খাতসহ বিভিন্ন খাতে বিদ্যমান অপার সম্ভাবনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে উৎপাদনশীলতা আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিণত করে তৃণমূল পর্যায়ে খাতভিত্তিক উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। কাঙ্ক্ষিত হারে উৎপাদনশীলতা প্রবৃদ্ধির জন্য এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গবেষণা এবং উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।রাজধানীর একটি হোটেলে গত রোববার ‘বাংলাদেশে উৎপাদনশীলতা আন্দোলন: ২০২১ সালের জন্য কৌশল’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এপিও সোসাইটি ফর বাংলাদেশের সহায়তায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনারের আয়োজন করে।শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। সেমিনারে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিক উজ জামান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী ও টোকিওভিত্তিক এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এপিও) মহাসচিব রাইউইচিরু ইয়ামাজাকি আলোচনায় অংশ নেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ২০২১ সাল নাগাদ শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে হলে কৃষি, শিল্প, সেবা, গবেষণা, প্রযুক্তিসহ সব খাতে উৎপাদনশীলতার টেকসই প্রবৃদ্ধির প্রয়োজন। এ জন্য মানবসম্পদের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির প্রসারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।