নিজেরা পর্যাপ্ত উৎপাদন করতে না পারায় এবার চিনি আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। সংস্থাটি প্রায় ১ লাখ টন চিনি আমদানির অনুমোদন পেয়েছে, যার মধ্যে ৫০ হাজার টন আমদানির জন্য ৬ আগস্ট আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। অথচ এই সংস্থার কাজ হলো দেশে উৎপাদিত আখ থেকে চিনি উৎপাদন করা।
চিনি শিল্প করপোরেশনকে সুরক্ষা দিতেই সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপ করে রেখেছে। সাধারণ মানুষকে এখন প্রতি কেজি চিনিতে ১৫ টাকার মতো কর দিতে হচ্ছে বিএসএফআইসির উৎপাদিত চিনি বেশি দামে বিক্রির সুযোগ করে দিতে। কিন্তু বাড়তি উৎপাদন করতে না পেরে এবার তারাই আমদানির উদ্যোগ নিল।
সরকারি চিনিকলগুলো থেকে নতুন মৌসুমের চিনি পাওয়া যাবে আগামী জানুয়ারিতে। চিনি শিল্প করপোরেশনের কাছে এখন ৪৩ হাজার টন চিনি মজুত আছে, যা দিয়ে বেশি দিন চলবে না। মধ্যবর্তী সময়ে মজুত ঠিক রাখতে বিএসএফআইসি চিনি আমদানি করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সরকারের কাছে চিনি থাকলে বাজার অস্থিতিশীল করা যায় না। বাজার নিয়ন্ত্রণ ও দাম স্থিতিশীল রাখার জন্যই সরকার চিনি আমদানির অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে মতামত জানতে চাইলে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক বাণিজ্যসচিব গোলাম রহমান প্রথম আলোকে বলেন, চিনি শিল্প করপোরেশন যদি বেসরকারি খাতের মতো চিনি আমদানি করে, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাদের সুরক্ষার জন্য চিনি আমদানিতে শুল্ক বসিয়ে ভোক্তাদের কষ্ট দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
বিগত ২০১৬-১৭ অর্থবছরে চিনি শিল্প করপোরেশনের অধীন মিলগুলোতে প্রায় ৬০ হাজার টন চিনি উৎপাদিত হয়। অথচ দেশে বছরে চিনির প্রয়োজন হয় প্রায় ১৪ লাখ টন। দেশের বেসরকারি চিনি পরিশোধনকারী মিলগুলোর উৎপাদনক্ষমতা প্রায় ৩২ লাখ টন। এসব মিল গত বছর ১৭ লাখ ৪৭ হাজার টন চিনি আমদানি করেছে, যা বিগত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।
দুটি বিক্রি হয়ে যাওয়ার পর এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বিএসএফআইসির আওতায় চিনিকল আছে ১৫টি। এদের মোট উৎপাদনক্ষমতা মাত্র ২ লাখ ১০ হাজার টন। এসব মিল অনেক পুরোনো হয়ে যাওয়ায় তাদের উৎপাদন খরচ অনেক বেশি। ফলে গত পাঁচ বছরে তারা ২ হাজার ৩৭২ কোটি টাকা লোকসান দিয়েছে।
২০১৫ সালে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় ঢাকার পাইকারি বাজারে চিনির দর কেজিপ্রতি ৩৫ টাকায় নেমেছিল। তখন চিনি শিল্প করপোরেশনের চিনির দাম ছিল ৩৭ টাকা, যার উৎপাদন খরচ কয়েক গুণ বেশি। এতে বিএসএফআইসি ব্যাপক লোকসানের মুখে পড়ে। এরপর সরকার চিনি আমদানির ওপর ২০১৫ সালের আগস্টে টনপ্রতি ৩২০ ডলার শুল্কায়ন মূল্য বা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে এর ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। এরপর ডিসেম্বরে ট্যারিফ ভ্যালু বাড়িয়ে টনপ্রতি ৩৫০ ডলার করা হয়। এ ছাড়া প্রতি টন চিনিতে আমদানি শুল্ক আছে ২ হাজার টাকা ও মূল্য সংযোজন কর (মূসক) আছে ১৫ শতাংশ।
ঢাকার বাজারে বর্তমানে প্রতি কেজি চিনির দর ৬০ টাকা, যা গত রমজান মাসে ৭৫ টাকায় উঠেছিল। রোজা শুরুর আগে যান্ত্রিক ত্রুটিতে একটি মিলের উৎপাদন কিছুদিন বন্ধ থাকায় চিনির দাম বেশ বেড়ে যায়, যা ঈদুল ফিতরের পর থেকে কমছে।
দাম বাড়লে সরকারি চিনি তা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারে কি না জানতে চাইলে সাবেক বাণিজ্যসচিব গোলাম রহমান বলেন, চিনি উৎপাদনের জন্য সরকারি চিনিকল রাখার কোনো মানে নেই। এসব চিনিকলে স্পিরিট ও অন্যান্য পণ্য উৎপাদনের ব্যবস্থা করা উচিত। অথবা এগুলোতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা উচিত।