উৎপাদন ব্যাহত পাঁচ শতাধিক বস্ত্রশিল্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটের কারণে নরসিংদীতে বস্ত্রশিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কম থাকায় দিনের অর্ধেক সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের এ সমস্যা এক বছর ধরে চলে এলেও কোনো সমাধান দিতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদীতে ছোট-বড় দুই হাজার গ্যাসনির্ভর বস্ত্রকারখানা আছে। এর মধ্যে সদর উপজেলার চৌয়ালা, ঘোড়াদিয়া, বিলাসদী, শেখেরচর, মাধবদী, শিবপুরের কারারচর বিসিক শিল্প এলাকার কারখানায় কাপড় রং করা, বয়লার চালানো ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহৃত হয়।
একাধিক শিল্পমালিকের অভিযোগ, জেলাজুড়ে অবৈধ গ্যাস-সংযোগ বেড়ে যাওয়ার তীব্র হয়ে উঠেছে শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস-সংকট। যেখানে গ্যাসের চাপ ১৫ পিএসআই থাকার কথা, সেখানে ১ থেকে ৫ পিএসআইয়ের মধ্যে ওঠানামা করছে। এর ফলে কারখানার যন্ত্রাংশ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয় উৎপাদন। ফলে স্থানীয় ডাইং ও কম্পোজিট গার্মেন্টস এবং টেক্সটাইল মিলগুলো চাহিদামতো উৎপাদনে যেতে পারছে না। এতে জেলার পাঁচ শতাধিক গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠান ৬০ শতাংশ উৎপাদন কমিয়ে দিয়েছে।
চৌয়ালা শিল্প এলাকার মমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুর রহমান বলেন, ‘কারখানায় গ্যাসের চাপ না থাকায় জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না। সকালের দিকে কিছু সময় গ্যাসের চাপ পাওয়া গেলেও তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ, চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছি না। এক বছর ধরে এই অবস্থা।’ অবৈধ গ্যাস-সংযোগ বাড়ার কারণেই শিল্পকারখানায় গ্যাসের চাপ কমেছে বলে মনে করেন তিনি।
ঘোড়াদিয়া এলাকার শিল্পী টেক্সটাইল ডাইং অ্যান্ড প্রসেসিং মিলস লিমিটেডের উৎপাদন সুপারভাইজার দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানা চালু রাখার স্বার্থে ব্যয়বহুল বিকল্প জ্বালানি ব্যবহার করতে হয়। এতে লোকসান গুনতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, এক বছর ধরে চলমান গ্যাস-সংকটের সমাধানে একাধিকবার আবেদন করা হয়েছে। তবে তিতাস গ্যাস সংকট সমস্যা সমাধান করতে না পারায় শিল্প খাত হুমকির সম্মুখীন।
তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে জেলার ৫৪টি পয়েন্টে প্রায় ১ লাখ অবৈধ গ্যাস-সংযোগ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এ কাজ সম্পন্ন হলে অচিরেই গ্যাস-সংকট সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’