প্রথম প্রান্তিকের অর্থনীতি পর্যালোচনায় এমসিসিআই
উৎপাদন শিল্প খাতের প্রবৃদ্ধির পরোক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে
দেশের উৎপাদন শিল্প খাতের ভালো প্রবৃদ্ধির পরোক্ষ প্রমাণ মিলছে। তার পরও এই খাতের কার্যক্রম সত্যিকারের সম্ভাবনার চেয়ে অনেক নিচে রয়ে গেছে। এ জন্য মূলত দায়ী ভৌত অবকাঠামোর সীমাবদ্ধতা ও অব্যাহত জ্বালানিসংকট।দেশের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অর্থনীতি মূল্যায়ন করতে গিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এক প্রতিবেদনে এই অভিমত প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সংবাদপত্রে এই লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনীতির বিভিন্ন খাতের হালনাগাদ অবস্থা পর্যালোচনা করা হয়েছে।এমসিসিআই বলছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে উৎপাদন শিল্প খাতের অগ্রগতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি। আর তাই সাম্প্রতিক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি, শিল্প উৎপাদনের আমদানিপ্রবণতা এবং অভ্যন্তরীণ ঋণ-পরিস্থিতির প্রকৃত প্রভাব এই খাতের ওপর কতটা ও কীভাবে পড়েছে, তা জানতে একটু সময় লাগবে।তবে আলোচ্য সময়কালে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আর তাই উৎপাদন শিল্প গত অর্থবছরের মতো প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে মনে করা যায়। অন্যদিকে বেসরকারি খাতে ঋণপ্রবাহ হ্রাস ও শিল্প খাতের কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের আমদানি কমে যাওয়ার চিত্র থেকে মনে হয় যে গোটা শিল্প খাতেই কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচ্য সময়কালে নির্মাণ খাত তুলনামূলকভাবে ভালো করেছে। আর তা সম্ভব হয়েছে মূলত রাষ্ট্রীয় খাতে সড়ক-মহাসড়ক পুনর্বাসন কার্যক্রম জোরদার করায়। অন্যদিকে নির্মাণসামগ্রীর দাম অনেক বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে নির্মাণ-কার্যক্রম ব্যাহত হচ্ছে। জমির বাড়তি দাম ও ব্যাংকে তারল্যসংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।এমসিসিআইর মতে, আলোচ্য প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অনেক দেশের চেয়ে বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভালো করেছে। তবে বেশ কয়েকটি বিষয় অর্থনীতিকে এখনো চাপের মধ্যে রেখেছে। এসব বিষয়ের মধ্যে আছে লেনদেনের ভারসাম্যে চাপ, অপর্যাপ্ত অবকাঠামো, প্রশাসনিক অযোগ্যতা, নিয়ন্ত্রণমূলক অদক্ষতা, বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, পুঁজিবাজারের বর্তমান অস্বাভাবিক অবস্থা এবং ব্যাংক খাতে বড় ধরনের জালিয়াতি। এমসিসিআই বলছে, এসব বিষয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে।মেট্রো চেম্বার আরও মনে করে, চলতি অর্থবছরের জন্য সরকার ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের যে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করতে হলে উল্লিখিত সমস্যাগুলো জরুরিভিত্তিতে সমাধান করতে হবে।কৃষি খাতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে উল্লেখ করে এমসিসিআই আরও বলেছে, চলতি বছরেও তা ধরে রাখতে হলে উপকরণ ও অর্থায়নে সরকারের অব্যাহত সমর্থন প্রয়োজন।বাণিজ্য সংগঠনটির মতে, অর্থনীতির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের দিক থেকে দৃঢ় প্রতিশ্রুতি আছে। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে একইভাবে জোরালো প্রয়াস দরকার। একই ভাবে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দিক নিবিড়ভাবে তদারকিতে রাখারও পরামর্শ দিয়েছে সংগঠনটি।