উৎপাদন শুরু করল দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার নরসিংদীর পলাশের চরসিন্দুরে আনুষ্ঠানিকভাবে এ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগে নতুন এ কারখানা করেছে দেশবন্ধু গ্রুপ। নতুন এ কারখানায় এনার্জি ড্রিংক, দেশবন্ধু কোলা, দেশবন্ধু লেমন, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিংক এবং দেশবন্ধু লিচি ড্রিংক তৈরি করে তা দেশজুড়ে বাজারজাত করা হবে। দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ কারখানায় প্রায় দেড় হাজার লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। আর পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ১০ হাজার লোকের।
কারখানাটি উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমারে গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশ ছোট, জনসংখ্যা বেশি, তারপরও মিয়ানমারের নির্যাতিতদের আশ্রয় দিয়েছি। আমরা তাদের খাদ্য থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে কার্পণ্য করছি না।’
দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পলাশের সাংসদ কামরুল আশরাফ খান, সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান, সাবেক শিক্ষাসচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘এই কারখানা হবে একটি আধুনিক কারখানা। এখানে ব্যবহৃত হবে স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৭৪ হাজার কোমলপানীয় উৎপাদন করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি উৎপাদনক্ষমতা তিন গুণ বৃদ্ধি করতে। গত ৩০ বছরে দেশবন্ধু গ্রুপ দশ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। নতুন প্রকল্পগুলো চালু হলে বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে।’