পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড আবারও উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। অ্যাপেক্স উইভিংয়ের পরিচালনা পর্ষদ গত ১২ এপ্রিল বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী উৎপাদন কার্যক্রম বন্ধ বা লে-অফ করার ঘোষণা দেয়। এর কারণ হিসেবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছিল, গ্যাস-সংকটের জন্য তাদের উৎপাদন ২০ শতাংশ কমে গিয়েছে। এ অবস্থায় কোম্পানি চালু রাখা সম্ভব নয়। যোগাযোগ করা হলে কোম্পানির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে কোম্পানির উৎপাদন কমে গিয়েছিল। এ অবস্থায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। ফলে ক্রেতারাও অন্যত্র চলে গিয়েছিল। কিন্তু এখন গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হওয়ায় আবারও উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ হারুন অর রশীদ জানান, বৃহস্পতিবারের (গতকাল) মধ্যেই কারখানায় কয়েকটি তাঁত চালু হয়েছে। আগামী এক-দেড় মাসের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে বলে তিনি আশাবাদী। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় ৬ অক্টোবর চারটি কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেনব্যবস্থা থেকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) নামের বিকল্প বাজারে পাঠানোর নির্দেশ দেয় এসইসি। এ তালিকায় অ্যাপেক্স উইভিংয়ের নামও রয়েছে। ২০ অক্টোবরের মধ্যে এসব কোম্পানিকে ওটিসিতে পাঠানোর কথা। এ ব্যাপারে হারুন অর রশীদ বলেন, অ্যাপেক্স উইভিংকে যাতে ওটিসিতে পাঠানো না হয়, সে জন্য উৎপাদন শুরুর সিদ্ধান্তের কথা এসইসিকে জানানো হয়েছে। তবে প্রশ্ন দেখা দিয়েছে ওটিসিতে পাঠানোর নির্দেশের পর কোম্পানি চালু করার ঘোষণা নিয়ে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোম্পানিটি আবার উৎপাদনের যাচ্ছে, নিঃসন্দেহে এটি ভালো খবর। তবে গ্যাস-সংকটের কারণে যে কোম্পানি গত ছয় মাসেও উৎপাদন চালু করতে পারেনি, ওটিসিতে পাঠানোর সিদ্ধান্তের আট দিনের মধ্যে সেই কোম্পানির উৎপাদন শুরুর ঘোষণা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বন্ধের ঘোষণা দিয়ে কম দামে শেয়ার তুলে নিয়ে আবার কারখানা চালুর ঘোষণা দিয়ে দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থাকে পরামর্শ দিয়েছেন তাঁরা। বর্তমানে ৩৮ কোটি ৯০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি অ্যাপেক্স উইভিং ১৯৯৫ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এরপর মাঝখানে দুই-এক বছর বাদ দিলে কোম্পানিটি প্রতিবছরই কমপক্ষে পাঁচ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে আসছে। ২০০৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এ সময় কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তুলনামূলক ভালো মৌলভিত্তির কোম্পানির কাতারে, অর্থাৎ ‘এ’ শ্রেণীতে ছিল। কিন্তু সর্বশেষ সমাপ্ত বছরে (২০০৯) শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে না পারায় কোম্পানিটি দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণীতে নেমে আসে।