
আগে অনেক প্রতিষ্ঠান বিদেশ থেকে নিম্নমানের পণ্য এনে দেশে বিক্রি করত। কিন্তু বর্তমান সরকারের উৎপাদনবান্ধব নীতি কাজে লাগিয়ে অনেক উদ্যোক্তা দেশেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান গত রোববার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের এলইডি টিভি উৎপাদন ইউনিট-৩ উদ্বোধন ও কারখানা পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যানকে ওয়ালটন শিল্পপার্কে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো. বেলাল উদ্দীন, ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. মাসুদ সাদিক, গাজীপুর জোনের কর কমিশনার সুলতানা আহমেদ, গাজীপুর জোনের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রধান সহকারী কমিশনার নূর-এ-হাসনা সানজিদা অনসূয়া প্রমুখ।