উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও শিল্প খাতের গতি-প্রকৃতির হালনাগাদ চিত্র পাওয়া যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাঝারি ও বড় উৎপাদনশিল্পের যে পরিমাণ সূচক (কোয়ান্টাম ইনডেক্স) প্রকাশ করেছে, তাতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) পরিসংখ্যান পাওয়া যায়।এতে দেখা যায়, এ দুই মাসে বড় ও মাঝারি উৎপাদনশিল্পের সূচক বার্ষিক হিসেবে বেড়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। অবশ্য আগস্ট মাস শেষে উৎপাদন সূচক দাঁড়িয়েছে ৫৮১ দশমিক ২৭ পয়েন্টে, যা গতবছরের আগস্ট মাস শেষে ছিল ৫৬৪ পয়েন্ট। সে হিসেবে উৎপাদন বেড়েছে ৩ শতাংশ। তবে এ বছর জুলাই মাসে এ উৎপাদনশিল্পের সূচক ছিল ৬১০ দশমিক ৩৬ পয়েন্ট। সে হিসেবে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি কমে গেছে।অন্যদিকে আগস্ট মাস শেষে বৈদ্যুতিক উৎপাদন বেড়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ। এ সময়কালে বৈদ্যুতিক খাতের উৎপাদন সূচক দাঁড়িয়েছে ৫৭৮ দশমিক ৫৮ পয়েন্ট, যা গত বছরের আগস্ট মাসে ছিল ৫০৯ দশমিক ২৫ পয়েন্ট। আর এ বছর জুলাই মাসে হয় ৫১০ দশমিক ২৬ পয়েন্ট।উৎপাদনশিল্পের গতি-প্রকৃতি হিসাব করা হয়, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা (এসওই) ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে। যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয়, সেগুলোর মধ্যে আছে: পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।আবার শিল্প খাতভিত্তিক হিসাবও নির্ণয় করা হয়। এতে বিভিন্ন শিল্পশ্রেণীকে মোট আটটি উপখাতে বিভক্ত করে মোট উৎপাদন নির্ণয় করা হয়। বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে যেসব উপখাতের উৎপাদন বেড়েছে, সেগুলো হলো: খাদ্য, কোমলপানীয় ও তামাক; আসবাবসহ কাঠজাত পণ্য; রসায়ন, পেট্রোলিয়াম ও রবার এবং মূল ধাতব পদার্থ। বিপরীতে যেসব উপখাতের উৎপাদন কমেছে, সেগুলো হলো: পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া, কাগজ ও কাগজসামগ্রী, অধাতব বস্তু এবং নির্মিত (ফেব্রিকেটেড) ধাতব বস্তু।এগুলোর মধ্যে ‘পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া’ উপখাতে সর্বোচ্চ ভার দেওয়া হয়, যা কি না ১০০-র মধ্যে ৩৮ দশমিক ১৬। এরপর রয়েছে ‘খাদ্য, কোমলপানীয় ও তামাক’ উপখাত, যার ভার ২২ দশমিক ৭০।তবে বিবিএস এখনো ১৯৮৮-৮৯ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এ সূচক নির্ণয় করে চলায় প্রকৃত চিত্র যথাযথভাবে প্রতিফলিত হয় না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক দিন ধরেই এ ভিত্তিবছর হালনাগাদ করা এবং জরিপের জন্য নমুনার আয়তন বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এদিকে কোনো অগ্রগতি হয়নি।বিবিএসের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, জুলাই-আগস্ট সময়কালে খনিজ খাতে উৎপাদন সামান্য কমেছে।