উৎপাদনশীল খাতে বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে আগামী দিনগুলোয় উৎপাদনশীল খাতে ভবিষ্যৎ বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে। এর প্রভাবে জাতীয় উৎপাদন কমে যাবে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ।সংস্থাটি আরও বলেছে, মুদ্রানীতির প্রভাবে মূলধনের ব্যয় বৃদ্ধি পাবে, যার ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কেননা, ব্যাংকগুলোকে উচ্চ সুদে ঋণ দিতে হবে। সুতরাং উৎপাদনশীল খাতে ভবিষ্যৎ বিনিয়োগ ঝুঁকির সম্মুখীন হবে, যা জাতীয় উৎপাদন হ্রাস করবে।গতকাল গণমাধ্যমে পাঠানো জানুয়ারি মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে উন্নয়ন অন্বেষণ এই অভিমত প্রকাশ করেছে।এতে বলা হয়েছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রবৃদ্ধির ধারা বজায় রাখা বর্তমান সরকারের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ। এই অবস্থায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগের ব্যাপারেও আলোকপাত করে একটি সুষম ব্যবস্থাপনা নীতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করে সংস্থাটি।উন্নয়ন অন্বেষণ আরও বলেছে, যদি বিশ্ববাজারে দাম বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকে, তাহলে ২০১১-১২ অর্থবছর শেষে সাধারণ মূল্যস্ফীতির হার ১২ দশমিক ২৭ শতাংশে উন্নীত হতে পারে। সরকার অবশ্য চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাড়ে সাত শতাংশে।প্রতিবেদনে মুদ্রানীতির সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করতে গিয়ে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ ছিল এক লাখ ৫৩ হাজার ২১০ কোটি টাকা এবং সরকারি খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৪১ হাজার ৫৮০ কোটি টাকা।গত মাসে বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতির প্রভাবে সুদের হার বাড়লে এবং তারল্য ঘাটতির ধারা অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছরে বেসরকারি ও সরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির হার কমে যেতে পারে।অন্যদিকে ২০১০-১১ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) দেশীয় সঞ্চয় ২ দশমিক ৪০ শতাংশ এবং জাতীয় সঞ্চয় ৭ দশমিক ৩০ শতাংশ হারে হ্রাস পেয়েছে। এখন উচ্চ মূল্যস্ফীতির (১০ শতাংশের বেশি) প্রভাবে আমানতের প্রকৃত সুদের হার অনেক কমে গেছে। তাই ২০১১-১২ অর্থবছরেও দেশীয় এবং জাতীয় সঞ্চয় হার কমে যেতে পারে।নতুন মুদ্রানীতি অর্থনীতির প্রকৃত খাত কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেছে উন্নয়ন অন্বেষণ। বলেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০১১) কৃষি খাতে ঋণের বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১৯ শতাংশ কমেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান সময়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে আমদানি বাড়ছে। বিপরীতে প্রবাসী-আয় বৃদ্ধির হারও কম। ফলে ডলারের বিপরীতে টাকার দর বাড়ছে। ৮ ফেব্রুয়ারি ডলারের বিপরীতে টাকার গড় বিনিময় হার ৮৪ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।উন্নয়ন অন্বেষণ মনে করছে, ২০১১-১২ অর্থবছরের শেষে ডলারের বিপরীতে টাকার দর প্রায় ১৪ দশমিক ৩৪ শতাংশ কমে যেতে পারে, যেখানে ২০১০-১১ অর্থবছরে এই হার ছিল মাত্র ২ দশমিক ৮৭ শতাংশ।