উৎপাদনশীলতা ও মান পদক পেল ১০ প্রতিষ্ঠান
১০টি শিল্পপ্রতিষ্ঠান জাতীয় উৎপাদনশীলতা ও মান পদক (ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১২) পেয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এ পুরস্কার দিল শিল্প মন্ত্রণালয়।
ঢাকায় সিরডাপ মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) অনুষ্ঠানটির আয়োজন করে। শিল্পসচিব মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ, এনপিওর পরিচালক নজরুল ইসলাম ও কেরু অ্যান্ড কোম্পানির (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন বক্তব্য দেন।
শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ছয়টি বিভাগে ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্রশিল্পে পাবনার প্রিন্স কেমিক্যাল, চট্টগ্রামের হিফস অ্যাগ্রো ফুড ও সাতক্ষীরার রনি অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং; রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ও গাজীপুরের বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি; বৃহৎ শিল্প বিভাগে কুষ্টিয়ার বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ, মাঝারি শিল্পে গুলশানের বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, কুটিরশিল্পে মতিঝিলের স্প্যাডিক্স লিমিটেড এবং মাইক্রোশিল্পে যশোরের রং হ্যান্ডিক্রাফটস পদক পেয়েছে। বিজ্ঞপ্তি।