উৎপাদনশীলতা পুরস্কার পেল ১৭ প্রতিষ্ঠান
শিল্প খাতে বিশেষ অবদানের জন্য ১৭টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা (ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড) ২০১৩ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি দেওয়া হলো।
এবারে ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহৎ শিল্পে তিনটি, মাঝারি শিল্পে তিনটি, ক্ষুদ্র শিল্পে তিনটি, মাইক্রো শিল্পে দুটি, কুটির শিল্পে তিনটি এবং রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
বৃহৎ শিল্পে ঢাকার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, খুলনার খুলনা শিপইয়ার্ড ও কুষ্টিয়ার বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ পুরস্কার পেয়েছে। মাঝারি শিল্পে পুরস্কার পেয়েছে গাজীপুরভিত্তিক এনার্জিপ্যাক ইলেকট্রনিকস, নারায়ণগঞ্জের তামাই নিট ফ্যাশন ও ঢাকার সিআইবিএল টেকনোলজি কনসালট্যান্স।
ক্ষুদ্র শিল্পে সাতক্ষীরার রনি অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং, পাবনার প্রিন্স কেমিক্যাল কোম্পানি ও চট্টগ্রামের রেজিম্যাক্স ইন্ডাস্ট্রিজ; মাইক্রো শিল্পে ঢাকার খান বেকেলাইট প্রোডাক্টস ও সিরাজগঞ্জের বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা এবং কুটির শিল্পে ঢাকার অধরা বিউটি পারলার অ্যান্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার, কিশোরগঞ্জের পিন্ধন ও খুলনার গৃহ সুখন পুরস্কার পেয়েছে।
আর রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রেণিতে জামালপুরের যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ও গাজীপুরের ন্যাশনাল টিউবস এ পুরস্কার পেয়েছে।
ঢাকার পূর্বাণী হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনপিওর পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক আবদুল বাকী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।