উৎপাদনশীলতা বাড়াতে জোর দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, কৃষি খাতে বাংলাদেশ ইতিমধ্যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সফল হয়েছে। এখন টেকসই ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প খাত গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এশিয়ার দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে চার দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব এ কথা বলেন বলে উল্লেখ করা হয় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে। জাপানভিত্তিক এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এর শিরোনাম ‘উৎপাদন ব্যবস্থাপনায় কাঁচামালের সাশ্রয়ী ব্যবহার’।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনপিওর পরিচালক এস এম আশরাফুজ্জামান, এপিওর কর্মসূচি কর্মকর্তা টা-টে ইয়াং বক্তব্য দেন।
৪ দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি দেশের মোট ২৩ জন প্রশিক্ষণার্থী ও ৩ জন আন্তর্জাতিক উৎপাদনশীলতা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।