উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বাংলাদেশেও উৎপাদনশীলতা আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে। এর জন্য দেশের বিভিন্ন শিল্প উপখাতে বিদ্যমান উৎপাদনশীলতা জরিপ করে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করার তাগিদ দিয়েছেন দেশের শিল্পোদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। শিল্পোদ্যোক্তা ও বিশেষজ্ঞরা আরও বলেছেন, দেশীয় কলকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন-ব্যয় কমানোর বাস্তবসম্মত কৌশল নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় উৎপাদনশীলতা সংস্থায় (এনপিও) একটি শক্তিশালী গবেষণা ও উন্নয়ন বিভাগ গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুনর্গঠিত জাতীয় উৎপাদনশীলতা পরিষদের (এনপিসি) অষ্টম সভায় এসব কথা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন। সভায় শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বস্ত্র ও পাটসচিব মো. আশরাফুল মকবুল, বাণিজ্য, কৃষি, তথ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বিদ্যুৎ, জ্বালানি বিভাগ এবং বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার, বেক্সিমকোর চেয়ারম্যান এ এস এফ রহমান, ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান, বিজেএমএর চেয়ারম্যান নাজমুল হক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি খলিলুর রহমান, নাসিবের সহসভাপতি মো. শওকত আলী, বিসিআই, এমসিসিআই, এপিও সোসাইটি ফর বাংলাদেশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।্রবৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শিগগিরই শিল্প মন্ত্রণালয় এবং বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। তিনি উৎপাদনশীলতা হ্রাসের জন্য শ্রমিক-রাজনীতিকে দায়ী না করে শিল্পকারখানায় ব্যবস্থাপনা দক্ষতা, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ উৎপাদন-পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পকারখানার প্রাতিষ্ঠানিক সংযোগ উন্নয়নের পরামর্শ দেওয়া হয়। দীর্ঘ পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ে অধীনে এই পরিষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই পরিষদের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছিল।