উৎপাদনশীলতায় পিছিয়ে আছে চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বন্দরগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর প্রতি ঘণ্টায় প্রতিটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর হার বা উৎপাদনশীলতায় এখনো পিছিয়ে আছে। বন্দরের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কার্যত তেমন কোনো পদক্ষেপও নিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। ফলে কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলো উপেক্ষিত থাকছে বছরের পর বছর।
বন্দরের উৎপাদনশীলতা পরিমাপ করা হয় প্রতি জাহাজ থেকে প্রতি ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা হিসাব করে। জাহাজের আকারভেদে ক্রেনের সংখ্যাও কম-বেশি হয়। এ কারণে প্রতি জাহাজ থেকে ক্রেনপ্রতি ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর হিসাবও প্রকৃত উৎপাদনশীলতা হিসেবে ধরা হয়।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে বন্দরের গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে গড়ে প্রতি ঘণ্টায় প্রতিটি জাহাজ থেকে প্রায় সাড়ে ১৫ কনটেইনার (২০ ফুট বা ৪০ ফুট লম্বা প্রতিটি একটি কনটেইনার হিসেবে) ওঠানো-নামানো হয়। আর বন্দরের মহাপরিকল্পনা প্রণয়নে নিয়োজিত জার্মানির হামবুর্গ পোর্ট কনসাল্টিং বন্দরের তথ্য বিশ্লেষণ করে বলছে, গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে প্রতি জাহাজে ঘণ্টায় ২১ কনটেইনার বা প্রতিটি গ্যান্ট্রি ক্রেনে সাড়ে ১০ কনটেইনার ওঠানো-নামানো হয়। বিশ্বের বন্দরগুলোর সঙ্গে তুলনা করে দেখা গেছে, জেটিতে স্থাপিত ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানোর এই হার উন্নত বন্দরের তুলনায় অর্ধেকের কম।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজ জেটিতে ভেড়ার পর পুরোদমে কাজ করতে পারলে উৎপাদনশীলতাও বাড়ত। এখন হয়তো রপ্তানি কনটেইনারের জন্য অপেক্ষা করে থাকে বেশি সময়। ফলে কনটেইনার ওঠানো-নামানোর হিসাবের মধ্যে অলস সময়ও বেশি থাকে। এ কারণে সার্বিকভাবে উৎপাদনশীলতা কম। তবে প্রকৃত উৎপাদনশীলতা আরও বেশি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন ছাড়াও সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেনে কনটেইনার ওঠানো-নামানো হয়। বন্দরের হিসাবে, সনাতন পদ্ধতিতে ঘণ্টায় প্রতি জাহাজ থেকে প্রায় ১২ কনটেইনার ওঠানো-নামানো হয়। সনাতন পদ্ধতিতে খালাস হওয়া জাহাজগুলোর প্রতিটিতে দুই থেকে তিনটি ক্রেন থাকে। তবে গ্যান্ট্রি ক্রেনে আধুনিক পদ্ধতিতে এই বন্দরে এক জাহাজে সর্বোচ্চ দুটি ক্রেন একসঙ্গে ব্যবহার করা হয়।
চট্টগ্রাম বন্দর রুটে ফিডার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বন্দরের মানদণ্ডে পৌঁছাতে না পারার অনেকগুলো কারণ আছে। যেমন, পরিকল্পনা অনুযায়ী (প্রি-স্টেকিং) জাহাজ থেকে কনটেইনার নামানো বা ওঠানো হয় না। যন্ত্রপাতি নষ্ট বা রক্ষণাবেক্ষণের জন্যও সময়ক্ষেপণ হয়। বিশেষ করে কনটেইনার ব্যবস্থাপনা ঠিকভাবে করতে পারলে একই অবকাঠামোয় আরও বেশি কনটেইনার ওঠানো-নামানো সম্ভব।
বিশ্বের বন্দরগুলোর চিত্র: বিশ্বের বন্দরগুলোর উৎপাদনশীলতা নিয়ে বড় আকারে সমীক্ষা শুরু হয় ২০১৩ সাল থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য সাময়িকী জার্নাল অব কমার্স (জেওসি) ২০১৩ সালে প্রথম বন্দরের উৎপাদনশীলতার শীর্ষ ক্রমতালিকা প্রকাশ করে। গত বছরের জুলাই মাসে প্রকাশিত এই সাময়িকীর দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় বলা হয়, ২০১৩ সালে প্রতিটি জাহাজ থেকে প্রতি ঘণ্টায় গড়ে ১৩০ কনটেইনার ওঠানো-নামানো করে সেরা হয় চীনের তিয়ানজিন বন্দর। তালিকায় এই উপমহাদেশের ভারতের নভোসেবা ১৮তম অবস্থানে রয়েছে, সেখানে ৯১টি কনটেইনার ওঠানো-নামানো হয়।
গত বছরের প্রথম ছয় মাসের তথ্য নিয়ে আরেক সমীক্ষায় শীর্ষে উঠে এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর। এ বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর হার ঘণ্টায় প্রতি জাহাজ থেকে ১৩৮টি। টার্মিনালকেন্দ্রিক ক্রমতালিকায় সেরা জাপানের ইউকোহামার এপিএম টার্মিনালস, ঘণ্টায় ১৮০ কনটেইনার। বিশ্বের ৪৮৩টি বন্দর এবং ৭৭১টি টার্মিনালের রেকর্ড বিশ্লেষণ করে এই ক্রমতালিকা করে জেওসি। সেরা ২০ বন্দর বা টার্মিনালে নাম নেই এ বন্দরের। চট্টগ্রাম বন্দরের হিসাবে, এ বন্দরে প্রতি জাহাজ থেকে গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানো হয় ২১টি কনটেইনার।
চট্টগ্রাম বন্দরে যেসব ফিডার জাহাজ চলাচল করে, সেগুলোতে প্রতি জাহাজে দুটি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানো হয়। বিশ্বের বড় বন্দরগুলোতে জাহাজের আকারভেদে একসঙ্গে চার থেকে আটটি ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানো হয়। ক্রেনপ্রতি ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর তুলনা করলেও পিছিয়ে আছে চট্টগ্রাম বন্দর।
যেমন ২০১১ সালে নিউজিল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের একটি সমীক্ষায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কার বন্দরসহ মোট ৪৩টি আন্তর্জাতিক বন্দরে প্রতিটি ক্রেনের প্রতি ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা তুলনামূলক চিত্র প্রকাশ করে। এতে দেখা যায়, এই ৪৩টি বন্দরে গড়ে প্রতিটি ক্রেনে প্রতি ঘণ্টায় ২৭ কনটেইনার ওঠানো-নামানো হয়। প্রতিবেশী বন্দর মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাসে এ প্রতি ক্রেনে ঘণ্টায় ৩৫টি, ভারতের মুন্দ্রা বন্দরে ৩৪টি, চেন্নাই বন্দরে ২৭টি, সিঙ্গাপুরে ২৭টি কনটেইনার ওঠানো-নামানো হয়।
চট্টগ্রাম বন্দরের গ্যান্ট্রি ক্রেনগুলো মিতসুবিশি ব্র্যান্ডের। এই ক্রেনের কনফিগারেশন অনুযায়ী, এই ক্রেন দিয়ে ঘণ্টায় ৩০ বার কনটেইনার ওঠানো-নামানো করা যায়। চিটাগাং কনটেইনার টার্মিনালের অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, রপ্তানি কনটেইনার যথাসময়ে না আসায় প্রায়ই জাহাজ অলস বসিয়ে রাখতে হয়। এ সময় কাজ হয় না গ্যান্ট্রি ক্রেনেও। এই অলস সময় বাদ দিলে গ্যান্ট্রি ক্রেনে উৎপাদনশীলতা অনেক বেশি পড়ে।