এ সপ্তাহের সাক্ষাৎকার: চলমান টানা অবরোধ ও হরতালে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি বেশ নাজুক হয়ে পেড়ছে। স্থানীয় পর্যায়ে কাঁচামালনির্ভর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের পণ্য আটকে থাকছে বন্দরে। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, যশোর ও কিশোরগঞ্জের ভৈরবের ব্যবসায়ী নেতারা
উৎপাদনে জড়িতরাই ক্ষতিগ্রস্ত

হরতাল-অবরোধে যশোরের বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। গত ১০ দিনে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি অন্য যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। আমদানি করা পণ্য বন্দর থেকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের কোথাও নিরাপদে পাঠানোর জন্য প্রয়োজনীয় যানবহন পাওয়া যাচ্ছে না; পেলেও ভাড়া গুণতে হচ্ছে অনেক ক্ষেত্রে দ্বিগুণ। যে কারণে শিল্পের উৎপাদনে প্রভাব পড়ছে।
বেনাপোলের আমদানি-রপ্তানিকারক সমবায় সমিতির সহসভাপতি আমিনুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা জানান। তিনি বলেন, অবরোধের আগে ২০ টনের এক ট্রাক পণ্য বেনাপোল থেকে ঢাকায় পাঠাতে পরিবহন খরচ হতো ১৫ থেকে ১৭ হাজার টাকা। এখন সেখানে খরচ হচ্ছে ২২ থেকে ২৫ হাজার টাকা। বেশি ভাড়া দিয়েও ট্রাক পাওয়া যাচ্ছে না। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয়ে মালিকেরা রাস্তায় ট্রাক নামাতে সাহস দেখান না। যে কারণে একদিকে ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে পণ্য আমদানি করে তা বন্দরে ফেলে রাখতে হচ্ছে। অন্যদিকে বন্দর খরচের মাশুল গুনতে হচ্ছে। হরতাল-অবরোধে শিল্পের উৎপাদনের সঙ্গে সম্পৃক্তরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে আমদানি-রপ্তানিকারক, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট, শিল্পমালিক সবাইকে ক্ষতির শিকার হতে হচ্ছে। অবরোধের কারণে প্রতিদিন বেনাপোলের আমদানি-রপ্তানি সমবায় সমিতির ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
আমিনুল হক জানান, অতিরিক্ত ভাড়া নিয়ে হলেও ট্রাকের চালক ও মালিকেরা চরম আতঙ্কের মধ্যে আমদানি করা কিছু কিছু পণ্য গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। বেশিদিন এ অবস্থা চলতে থাকলে শিল্পের উৎপাদন ব্যাহত হবে।
আমিনুল হক আরও বলেন, অবরোধের আগুনে প্রতিদিন রাস্তায় যারা মরছে তাদের সবাই দেশের সাধারণ মানুষ। তারা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন। অথচ বড় দুই রাজনৈতিক দলের নেতারা জনগণের স্বার্থের কথা বলে যাচ্ছেন। প্রকৃত অর্থে জনগণের কথা কেউই ভাবছেন না।