বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যেসব সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রুলস অব অরিজিন বা উৎসবিধি শিথিলের সিদ্ধান্তকেই বড় অর্জন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পণ্য উৎপাদনে দেশীয় মূল্য সংযোজন বর্তমানে ৩০ শতাংশ। সম্মেলনে তা কমিয়ে ২৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এটা নিঃসন্দেহে বড় অর্জন।’
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৫ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ডব্লিউটিওর ওই সম্মেলন শেষে দেশে ফিরে গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ সম্মেলনে অংশ নেওয়া সরকারি-বেসরকারি ২৪ জন প্রতিনিধির বেশির ভাগই উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, কার্যকরভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা নিতে উৎসবিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এর শর্তগুলো কঠিন। ফলে অনেক ভালো সুযোগের সুবিধা ভোগ করা যায় না। বাংলাদেশসহ এলডিসিগুলো উৎসবিধি সহজ ও স্বচ্ছ করতে অনেক দিন থেকেই দর-কষাকষি করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার কিছুটা শিথিলের সিদ্ধান্ত হলো।
উৎসবিধি শিথিলের কারণে ৭৫ শতাংশ কাঁচামাল আমদানি করে ২৫ শতাংশ মূল্য সংযোজন করলেই উন্নত দেশের দেওয়া শুল্কমুক্ত সুবিধার আওতায় পণ্য রপ্তানি করা যাবে বলে জানান তোফায়েল আহমেদ।
উৎসবিধি শিথিলের সিদ্ধান্তের পাশাপাশি এলডিসির জন্য ২০৩০ সাল পর্যন্ত সেবা খাতে ছাড় দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয় সম্মেলনে। এটি কার্যকর হলে বাংলাদেশের শুধু জনশক্তি রপ্তানি নয়, জনশক্তিনির্ভর সেবা রপ্তানিও বাড়বে বলে মন্ত্রী জানান।
এবারের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগেই এলডিসির জন্য ওষুধের ক্ষেত্রে ২০৩৩ সাল পর্যন্ত মেধাস্বত্ব-বিষয়ক অব্যাহতি দিয়েছে ডব্লিউটিওর বাণিজ্য-সংক্রান্ত মেধাস্বত্ব কাউন্সিল। সম্মেলনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এলডিসির জন্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবহনে ২০৩০ সাল পর্যন্ত ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এলডিসির সমন্বয়ক হিসেবে তিনি শুধু বাংলাদেশ নয়, এলডিসির সব সদস্যের স্বার্থেই ডব্লিউটিও সম্মেলনে কথা বলেছেন। এতে অন্য দেশগুলো বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছে।
ডব্লিউটিও সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান জানান, এবারের সম্মেলনে গিয়ে তিনি বুঝতে পেরেছেন যে তোফায়েল আহমেদ রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এখন কূটনৈতিক নেতৃত্বও দিচ্ছেন।
মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরও বলেন, ‘সবাই জানেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দর-কষাকষি করার দক্ষতা কম। সম্মেলনে যোগ দিয়ে আমার ধারণা বদলে গেছে।’
মেধাস্বত্বে অব্যাহতির ফলে বাংলাদেশসহ এলডিসির সুবিধার দিক তুলে ধরেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘হেপাটাইটিস-সি’র একটি ওষুধের দাম বিদেশে এক হাজার ডলার। সম্প্রতি আমাদের তৈরি একই ওষুধের দাম মাত্র আট ডলার।’
শ্রমিকেরা নিরাপত্তাহীন নন: বাংলাদেশের ৩০ লাখ শ্রমিক নিরাপত্তাঝুঁকিতে থাকার কথা উল্লেখ করে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে হঠাৎ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রথম আলোসহ কয়েকটি পত্রিকা প্রতিবেদন ছাপিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। যে সংগঠনের নামে করা হয়েছে, জীবনেও এর নাম শুনিনি। শ্রমিকেরা নিরাপত্তাহীন নয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পর নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল বাংলাদেশের। আস্তে আস্তে তা কেটে গেছে। পোশাক কারখানায় কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশের ব্যাপারে এখন খুশি।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘এ মূহূর্তে এ রকম একটা নেতিবাচক প্রতিবেদন প্রকাশে আমি খুবই দুঃখিত ও ব্যথিত হয়েছি।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্নস সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের এক গবেষণার ভিত্তিতে গত রোববার প্রথম আলোতে ‘নিরাপত্তাঝুঁকিতে ৩০ লাখ পোশাকশ্রমিক!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।