উৎসবের আমেজে সম্পন্ন হলো বিজিএমইএ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের আমেজে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্য দিয়ে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ সময়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএ কার্যালয়ে গতকাল রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। সর্বশেষ রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।নির্বাচনে ৮৮ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ দুই হাজার ৮১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৫৮ জন ও চট্টগ্রামের ৫৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মোট ভোটারসংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামের ৬০৪ জন। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এবারের নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল—ফোরাম ও সম্মিলিত পরিষদের ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের সাত পদের বিপরীতে ১৪ জন। প্রত্যেক ভোটার মোট ২৭টি করে ভোট দেন। ফোরামের নেতৃত্ব দেন মাহমুদ হাসান খান। আর সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেন আতিকুল ইসলাম। দুজনই বিজিএমইএতে এর আগে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার বিজিএমইএর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন নির্বাচন কমিশনার। নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে আতিকুল ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পোশাক খাতের উন্নয়নে আমাদের পরিষদ এত দিন যেসব কাজ করেছে, তা ভোটাররা জানেন। তাই তাঁদের ওপর আমাদের আস্থা আছে।’ আর মাহমুদ হাসান খান বলেন, ‘আশা করছি, নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে যাবে। কারণ সবাই একটা পরিবর্তন চাচ্ছে।’ জাহাঙ্গীর আলামিন সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটারদের উপস্থিতিও ভালো। তফসিল অনুসারে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারিত ছিল। কিন্তু যানজটের কারণে অনেক ভোটার সময়মতো আসতে পারেননি। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের নেতারা সময় বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছান দুপুরে। ফলে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ান প্রধান নির্বাচন কমিশনার।গতকালের নির্বাচিত পরিচালকেরা ২১ মার্চ তাঁদের মধ্য থেকে একজন সভাপতি ও চারজন সহসভাপতি নির্বাচিত করবেন। চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, বিজিএমইএর নির্বাচনে চট্টগ্রামে ৯১ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। গতকাল বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে এই ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬০৪ জন। এর মধ্যে ভোট দেন ৫৫৪ জন।ঢাকার সঙ্গে মিল রেখে চট্টগ্রামেও এক ঘণ্টা সময় বাড়িয়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।সন্ধ্যায় যোগাযোগ করা হলে নির্বাচন বোর্ডের কমিশনার এ এস এম নাঈম প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে চট্টগ্রাম অঞ্চলে সাত পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।