প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত সময়োপযোগী হয়নি বলে মনে করে রপ্তানিকারক সমিতি বাংলাদেশ (ইএবি)। সংগঠনের নেতারা বলেছেন, বিভিন্ন কারণে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। তাই উৎসে কর দশমিক ৩ শতাংশই রাখা উচিত।
ঢাকার কারওয়ান বাজার এলাকার বিজিএমইএ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি পোশাক রপ্তানিতে উৎসে কর কমানোসহ সাত দফা দাবি জানিয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
জাতীয় সংসদে ৪ জুন ঘোষিত বাজেটে পোশাক রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ইএবির অন্য দাবিগুলো হচ্ছে ২০১৯ সাল পর্যন্ত রপ্তানিমুখী শিল্পের জন্য বার্ষিক কর ১০ শতাংশ হ্রাসকৃত হারে কমানো, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার, পোশাকশিল্পে স্থানীয়ভাবে সরবরাহকৃত বিভিন্ন দ্রব্য ও সেবার মূসক প্রত্যাহার, ইউরোর দরপতনের কারণে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পণ্য রপ্তানিতে বিশেষ প্রণোদনা প্রদান, পোশাকশিল্পের বন্ডেড ওয়্যারহাউসে দ্বৈত তদারকি বাতিল এবং পোশাক কারখানা সংস্কারের অর্থায়নে বিশেষ তহবিল করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।