উৎসে কর কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট
বাজেট

ইউরোপের বাজারে পণ্যের মূল্য কমছে। আর দেশে গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমায়িত খাদ্য খাত চাপের মধ্যে আছে। এ কারণে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে হিমায়িত খাদ্য রপ্তানিতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)।

রাজধানীর বিজয়নগরে গতকাল মঙ্গলবার বিএফএফইএর কার্যালয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সমিতির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. আমিন উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি কাজী বেলায়েত হোসেন ও আবদুল বাকি, পরিচালক রেজাউল হক, মাসুদুর রহমান প্রমুখ।

সভাপতি আমিন উল্লাহ বলেন, ‘হিমায়িত খাদ্য রপ্তানিতে বর্তমানে শূন্য দশমিক ৭০ শতাংশ উৎসে কর দিতে হয়। তবে প্রস্তাবিত বাজেটে উৎসে করহার পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। সে জন্য জুলাই থেকে ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এমনটি হলে রপ্তানিমুখী এই শিল্পের সক্ষমতা কমে যাবে। তাই আমরা হিমায়িত খাদ্য রপ্তানিতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।’

সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছর ৫৩ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়। এর মধ্যে চিংড়ি ৪৭ কোটি ২৩ লাখ ডলারের এবং হিমায়িত মাছ ৪ কোটি ৭০ লাখ ডলারের। তার আগের অর্থবছর হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৬ কোটি ৮০ লাখ ডলারের।

আমিন উল্লাহ বলেন, প্রায় তিন লাখ হেক্টর জমিতে ২ লাখ ৩০ হাজার ঘেরে চিংড়ির চাষাবাদ হয়। প্রায় ৬০টি দেশে চিংড়ি ও হিমায়িত খাদ্য রপ্তানি হয়। তবে কাঁচামাল সংকটের কারণে কারখানাগুলো তাদের সক্ষমতার মাত্র ১৫ শতাংশ ব্যবহার করতে পারছে। এ জন্য উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ডলারের বিপরীতে পাউন্ড, ইউরোসহ বিভিন্ন মুদ্রার অবমূল্যায়নের কারণে রপ্তানি মূল্য হ্রাস পেয়েছে।

বর্তমানে হিমায়িত খাদ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা রয়েছে। সেই সহায়তার ওপর অগ্রিম আয়কর কাটা হয় ৫ শতাংশ। এটি প্রত্যাহারের দাবি করে আমিন উল্লাহ বলেন, নগদ সহায়তা কখনোই প্রতিষ্ঠানের আয় হতে পারে না। তাই নগদ সহায়তার ওপর অগ্রিম আয়কর কর্তন ঠিক নয়।

এ ছাড়া করপোরেট কর ১০ শতাংশে নামিয়ে আনার দাবি করেন বিএফএফইএ সভাপতি। তাঁর বক্তব্য, প্রতিবেশী বিভিন্ন দেশে করপোরেট করহার বাংলাদেশ থেকে অনেক কম। তাই পোশাকশিল্পের মতো হিমায়িত খাদ্য রপ্তানি খাতে করপোরেট কর কমানোর দাবি করেন তিনি।