উৎসে কর কমানোর দাবি করেছে ইএবি
রপ্তানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার কমানোর দাবি জানিয়েছে দেশের রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংগঠনের নেতারা উৎসে করহার দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন। আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটে উৎসে করহার দেড় শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা বিনিয়োগবান্ধব বাজেট আশা করেছিলাম, কিন্তু সে ধরনের কিছু দেখিনি। এ ছাড়া জুন-জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানির ভালো আদেশ এসেছে, সে রকম কোনো তথ্যও আমাদের কাছে নেই।’সংবাদ সম্মেলনে ইএবির পক্ষ থেকে দুই বছরের পরিবর্তে পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ারও দাবি জানানো হয়। এ ছাড়া সব রপ্তানিমুখী প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনার ওপর থেকে আরোপি ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি করা হয়।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রপ্তানি বাণিজ্যের বৃহত্তর স্বার্থে ও রপ্তানিকারকদের উৎসাহিত করার লক্ষ্যে নগদ সহায়তা বাড়ানোর প্রয়োজন। তৈরি পোশাক খাতের শ্রমিকদের সরকারি রেশন কর্মসূচির আওতায় আনা দরকার। এ ছাড়া শ্রমিকদের আবাসন সমস্যা নিরসনে ডরমিটরি নির্মাণের জন্য বিনা সুদে ব্যাংকঋণের ব্যবস্থা করার দাবি জানান ইএবির নেতারা। প্যাকেজিং ইনস্টিটিউটের জন্য অর্থ বরাদ্দেরও দাবি করেন তাঁরা।ইএবি নেতারা মূলধনি যন্ত্রপাতি, রং, পলিয়েস্টার, ভিসকস স্টাপল ফাইবার, অ্যাক্রিলিক টো, টপস, পেট-চিপস ও চিপস আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেন।সংবাদ সম্মেলনে হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি কাজী শাহনেওয়াজ বলেন, উপকূলে দুর্যোগে তিন হাজার কোটি টাকার মাছ ভেসে গেছে। এটি হিমায়িত খাদ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে।অনাবাসী বাংলাদেশিদের সমিতির সভাপতি শাকিল চৌধুরী বলেন, অপ্রদর্শিত আয় বা অর্থ ঘোষণায় আনা নৈতিকভাবে ঠিক নয়। তবে অর্থনীতির গতিশীলতার স্বার্থে অপ্রদর্শিত আয় মূল ধারায় আনার সুযোগ দেওয়া উচিত। তাঁর মতে, অর্থনীতিতে ৪৮ থেকে ৫০ শতাংশ অপ্রদর্শিত অর্থ রয়েছে। এ ছাড়া তিনি অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মন্তব্য করেন।